ঢাকা, জুলাই ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক ক্রিকেট সম্পর্ক আবারো গড়ে তোলার জন্য সে দেশ সফরের প্রস্তাব দিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাট বলেছিলেন, সিরিজ থেকে অর্জিত আয়ের ভাগ তাদেরও দিতে হবে। কিন্তু ভারত তা সরাসরি নাকচ করে দেয়।
বাট তার প্রস্তাবে বলেন, "ভারত গিয়ে খেলতে আমরা প্রস্তুত বলে তাদের জানিয়েছিলাম। এজন্য চেয়েছিলাম প্রচার স্বত্ব বিক্রি থেকে আয়ের অর্ধেক। তবে ভারত রাজি হয়নি।"
বৃহস্পতিবার রাতে পাকিস্তানি টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "পিসিবি ২০১২ সালের মার্চ-এপ্রিলের নির্ধারিত সিরিজের জন্য অর্জিত আয় ভাগাভগি করে নেয়ার প্রস্তাব দেয়, যাতে পাকিস্তানও আর্থিকভাবে লাভবান হয়।"
মুম্বাইয়ে জঙ্গি হামলার পর ভারত ২০০৯ সালের নির্ধারিত পাকিস্তান সফর বাতিল করে। এতে প্রত্যাশিত আয় থেকে বঞ্চিত হয় পিসিবি। এরপর থেকে দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সফর বন্ধ রয়েছে।
পিসিবি প্রধান বলেন, "আয়ের এই ভাগ দিয়ে বাতিল ওই সিরিজের ক্ষতিপূরণই কেবল সম্ভব হবে না, ভারতের সঙ্গে দ্বি-পাক্ষিক সিরিজ শুরুর বিষয়টিকেও কিছুটা এগিয়ে নেবে।"
"ভারতের সঙ্গে খেললে পাকিস্তান আর্থিকভাবে লাভবান হবে। বিশ্বের শীর্ষ অন্য যে কোনো দলের সঙ্গে খেলে যে আয় হয়, ভারতের সঙ্গে খেললে তার চেয়ে অনেক বেশি আয় করা সম্ভব," বলেন বাট।
তিনি বলেন, "মোহালিতে বিশ্বকাপ সেমিফাইনালের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি প্রয়োজনে আমাদের ভারতে গিয়ে খেলারই শুধু পরমর্শই দেননি, ভারতের ক্রিকেটারদেরও পাকিস্তানে এসে কয়েকটি ম্যাচ খেলার কথা বলেন।"
ভারতও দ্বি-পাক্ষিক সিরিজ শুরুর পক্ষে বলে উল্লেখ করে তিনি বলেন, "হংকংয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সাধারণ সভার সময় ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তাদের সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা হয়েছে। তারা দ্বি-পাক্ষিক সিরিজ শুরুর পক্ষে। তবে এর আগে সরকারের অনুমতি প্রয়োজন বলে তারা জানিয়েছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২০৪৩ ঘ.
bdnews24