ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারার মন্তব্য খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ক্রীড়ামন্ত্রী মাহিন্দনন্দ আথুগামাগে।
একই সঙ্গে তিনি এ কথাও বলেন যে, প্রকাশ্যে বোর্ডের সমালোচনা তার ঠিক হয়নি।
মন্ত্রী রয়টার্সকে বলেন, "আমার সম্পর্কে সাঙ্গাকারা যা ইচ্ছা তাই বলতে পারতেন। কিন্তু এভাবে সমালোচনা করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তার অনুমতি নেয়া প্রয়োজন ছিল।"
"সাঙ্গাকারার মন্তব্য নিয়ে তদন্ত ও এ ব্যাপারে অচিরেই প্রতিবেদন দাখিলের জন্য আমি শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) চেয়ারম্যানকে লিখিত নির্দেশ দিয়েছি," বলেন তিনি।
দল ইংল্যান্ড সফর করছে বলে বোর্ড এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারবে না বলে জানিয়েছে।
লর্ডসে এক ঘণ্টার এমসিসি স্পিরিট অব ক্রিকেট স্পিচে সাঙ্গাকারা তার দেশের ক্রিকেট বোর্ডকে দুর্নীতি-মুক্ত করার আহ্বান জানান। শ্রীলঙ্কায় ক্রিকেট যে পথে এগিয়ে যাচ্ছে তাতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ক্ষমতার দ্বন্দ্বের কারণে ক্রিকেট প্রশাসন তার জবাবদিহিতা ও স্বচ্ছতা হারিয়ে বসে আছে। বক্তব্য শেষ হলে সাঙ্গাকারাকে দাঁড়িয়ে সম্মান জানান উপস্থিত অতিথিরা।
সব দেশের ক্রিকেট বোর্ড থেকে রাজনৈতিক ব্যক্তিদের দুই বছরের মধ্যে সরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কয়েকদিন আগে হংকংয়ে আইসিসির বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬০৬ ঘ.
bdnews24