ঢাকা, জুলাই ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় দিন শেষে ৩৪ রানে এগিয়ে গেছে ভারত। দ্বিতীয় পালায় কোনো উইকেট না হারিয়ে রান করেছে ২৩।
এক প্রান্তে অভিনব মুকুন্দ ব্যাট করছেন ৮ রান নিয়ে। অন্য প্রান্তে মুরালি বিজয় ৩ রানে অপরাজিত আছেন।
এর আগে ইশান্ত শর্মার টেস্ট-জীবনের সেরা বোলিংয়ের সুবাদে দ্বিতীয় টেস্টের প্রথম পালায় ১৯০ রান করে স্বাগতিকরা। ফলে ভারত ১১ রানে এগিয়ে থাকে। প্রথম পালায় ভারত করে ২০১ রান।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে ৫ উইকেটে ৯৮ রান নিয়ে বৃহস্পতিবার তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল ও স্যামুয়েলস খেলতে থাকেন দেখেশুনে।
রান তোলার ব্যাপারে বেশ সতর্ক ছিলেন এই দুই ব্যাটসম্যান। ওভার প্রতি ২ রান করে তোলেন তারা। কিন্তু মধ্যাহ্ন-বিরতির আগে আগে চন্দরপলকে (৩৭) ফিরিয়ে দিয়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির মুখে হাসি ফোটান অভিমান্যু মিথুন। তখন দলের রান ছিল ১৩৪।
ষষ্ঠ উইকেট জুটিতে চন্দরপল ও স্যামুয়েলস দলের সঙ্গে যোগ করেন ৭৭ রান।
এরপর লড়াই চালিয়ে যান স্যামুয়েলস একাই। শেষ পর্যন্ত ৭৮ রানে অপরাজিত থাকেন তিনি। তার ১৭২ বলের ইনিংসে ৮টি চার রয়েছে। এটি তার ১১তম অর্ধশতক।
চন্দরপলের বিদায়ের পর অন্য প্রান্ত থেকে খুব একটা সহায়তা পাননি স্যামুয়েলস। তারপরও অষ্টম উইকেট জুটিতে দলের সঙ্গে ৪৩ রান যোগ করেন অধিনায়ক ড্যারেন সামি ও স্যামুয়েলস।
কিন্তু দলীয় ১৮৬ রানের মাথায় সামি (১৫) ইশান্তের বলে এলবিডব্লিউ হলে পথ হারিয়ে ফেলে স্বাগতিকরা। আর ৪ রান যোগ হতেই শেষ দুই উইকেট হারায় তারা। ইশান্ত পরপর দুই বলে রবি রামপল ও ফিদেল এডোয়ার্ডসকে ফিরিয়ে দেন।
ভারতের পক্ষে ইশান্ত শর্মা ৬ উইকেট নেন ৫৫ রানে। এছাড়া মিথুন ৩৪ রানে নেন ২ উইকেট।
প্রথম টেস্ট ৬৩ রানে জেতে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/টিআর/১৭২৪ ঘ.
bdnews24