২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরএস পরিবর্তনে সন্তুষ্ট ভারতের ক্রিকেটাররা

টেস্ট ও একদিনের খেলায় পরিবর্তিত আকারে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় ক্রিকেট দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 04:30 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট ও একদিনের খেলায় পরিবর্তিত আকারে সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারতীয় ক্রিকেট দল। হংকংয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পরিবর্তিত আকারে ডিআরএস ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে দ্বিপাক্ষিক সিরিজে বল 'ট্র্যাকিং' থাকবে কী না, তা নির্ভর করবে মাঠের উভয় দরের সমঝোতার উপর। সফররত ভারত দলের এক সিনিয়র ক্রিকেট সোমবার বার্বাডোজে অনুশীলন শেষে পিটিআইকে বলেন, "বিতর্কের প্রধান অংশ বল ট্র্যাকারকে দূরে রাখা আমাদের জন্য ভালো হয়েছে।" আইসিসির নির্বাহী কমিটি প্রতিটি টেস্ট ও একদিনের প্রতিটি ম্যাচে ডিআরএস ব্যবহার বাধ্যমূলক করেন। ডিআরএসে বল ট্র্যাকার থাকা বাধ্যতামূলক নয়। বোলারের হাত থেকে বল ছোঁড়ার পর তার গতিবিধি অনুমান করা হয় এই পদ্ধতির মাধ্যমে। জুলাই মাসে ভারত-ইংল্যান্ড সিরিজে বল ট্র্যাকার ছাড়া ডিআরএস ব্যবহৃত হবে। এর আগে ইংল্যান্ড সফরে ডিআরএস ব্যবহারের বিপক্ষে ছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের চলমান সিরিজে ডিআরএস ব্যবহৃত হচ্ছে না। বিসিসিআই ও ভারতের ক্রিকেটাররা কেন ডিআরএসে ট্র্যাকার থাকার বিরুদ্ধে ছিল তার কারণ ব্যাখ্যা করেন ওই ক্রিকেটার। তিনি বলেন, "বল ট্র্যাকার প্রযুক্তি শুরু থেকেই ক্রটিযুক্ত। প্রথমত, ক্যামেরা সরাসরি আম্পায়ারের পেছনে থাকে না। দ্বিতীয়ত, বল পিচ করার পর কতটুকু উঠবে তা কোনোভাবেই প্রযুক্তি দিয়ে পরিমাপ করা সম্ভব নয়। ঝড়ো বাতাস, বলের বেগ পরিবর্তন ও অসম বাউন্স বলের উচ্চতার পরিবর্তন এনে দিতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ /২২২২ঘ.