ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম - ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার মনে করছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে রানার বাদ দিয়ে চোট পাওয়া ব্যাটসম্যানদের বিরুদ্ধে অন্যয্য সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
ভারতের ব্যাটিং কিংবদন্তী গাভাস্কার বলেন, "এটা আইসিসির নেয়া অন্যয্য সিদ্ধান্ত। নিয়ম সবার জন্যই এক রকম হওয়া উচিৎ। সেক্ষেত্রে বোলারদের খেলার সময় পানি পান থেকে বিরত রাখা উচিৎ।"
ক্ষুব্ধ গাভাস্কার বলেন, "সীমানা দড়ির কাছে দাঁড়িয়ে থাকা বোলারদের জন্য পানি থাকা যাবে না। তারা এক ওভার বল করেই বাউন্ডারিতে চলে আসেন, সেখানে তাদের জন্য এনার্জি ড্রিঙ্ক থাকে।"
তিনি বলেন, "নির্ধারিত সময় ছাড়া পানি পানের বিরতি বন্ধ করতে হবে। যদি রানার বাদ দেয়ার সিদ্ধান্ত নিতে হয় সেক্ষেত্রে বদলি ফিল্ডারের নিয়মও বাদ দিতে হবে।"
গাভাস্কার বলেন, "আইসিসির উচিৎ হবে বদলি ফিল্ডারের নিয়ম বাতিল করা।"
তিনি বলেন, "নিয়মিত খেলোয়াড় মাঠ ছাড়লে কোনো বদলি খেলোয়াড় নামতে পারবেন না। যদি কেউ আহত হন তাকে হয় মাঠ ছাড়তে হবে নয়তো চোট নিয়েই ফিল্ডিং করতে হবে। তাহলেই সমতা আসবে। একা শুধু ব্যাটিং দিক ক্ষতিগ্রস্থ হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৫০ ঘ.
bdnews24