ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইসিসির প্রধান নির্বাহীদের কমিটি (সিইসি) অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপে একটি বাছাই পর্ব রাখার পক্ষে মত দিয়েছে। তবে ঠিক কতগুলো দল সেখানে অংশ নেবে সে ব্যাপারে কিছু চূড়ান্ত করে নি।
২০১১ বিশ্বকাপ শেষ হওয়ার পরপরই আইসিসি সিদ্ধান্ত নেয় ২০১৫ বিশ্বকাপে পূর্ণ সদস্য ১০টি দল খেলবে। পরে সহযোগী দেশগুলোর তীব্র সমালোচনার মুখে আইসিসি বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিষয়টি নিয়ে আবারো আলোচনার সিদ্ধান্ত নেন আইসিসি সভাপতি শারদ পাওয়ার।
আইসিসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "সিইসি ২০১৫ বিশ্বকাপে একটি বাছাই পর্ব রাখতে আইসিসির নির্বাহী বোর্ডকে সুপারিশ করেছে। তবে অস্ট্র্রেলিয়া ও নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে কতগুলো দল খেলবে সে ব্যাপারে কিছু বলে নি।"
আইসিসির পূর্ণাঙ্গ কাউন্সিলে বৃহস্পতিবার বিশ্বকাপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯২১ ঘ.
bdnews24