ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেওয়াকে নতুন কোচ স্টুয়ার্ট ল চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার নতুন কোচের সঙ্গে চুক্তির তথ্য জানিয়ে সংবাদ সম্মেলন হয়। এতে বিসিবির মিডিয়া ও কমিউনিকেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, "তিনি (ল) বাংলাদেশে কাজ করাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তার লক্ষ্য বাংলাদেশকে র্যাঙ্কিংয়ে ওপরের দিকে নিয়ে আসা।"
শ্রীলঙ্কার অন্তর্র্বতীকালীন কোচ স্টুয়ার্ট ল দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছেন। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান বাংলাদেশে স্বদেশী জেমি সিডন্সের স্থলাভিষিক্ত হলেন।
১৯৯৬ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের সদস্য ল ঘরোয়া ক্রিকেটে কুইন্সল্যান্ডের অধিনায়ক ছিলেন, কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছেন দীর্ঘদিন। ল্যাঙ্কাশায়ারের অধিনায়কও ছিলেন তিনি।
শ্রীলঙ্কার সহকারী কোচ হিসেবে ট্রেভর বেলিসের সঙ্গে কাজ করেছেন ল, তার বিদায়ের পর শ্রীলঙ্কার অন্তর্র্বতী কোচের দায়িত্ব নেন তিনি।
মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জালাল ইউনুস বলেন, "জেমি সিডন্সের মেয়াদ শেষ হওয়ার পর থেকে কোচ নিয়ে আলোচনা হচ্ছিলো। বিভিন্ন সময়ে বিভিন্ন জনের নাম এসেছে। তবে আমরা তিন-চার জনের সংক্ষিপ্ত একটি তালিকা নিয়ে কাজ করেছি। সেখানে স্টুয়ার্ট ল'র নাম অগ্রভাগেই ছিলো।"
"খেলোয়াড় ও কোচ হিসেবে তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। জেমি'র উত্তরসূরি হিসেবে আমরা আরেকজন 'হাই প্রোফাইল' কোচ পেয়েছি", বলেন তিনি।
৩০ মে ইংল্যান্ডে একটি হোটেলে স্টুয়ার্ট ল'র সঙ্গে আলোচনা হয় বলে জানান জালাল। তিনি বলেন, ৩০ মের আলোচনায় ল বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগ্রহ দেখান। বাংলাদেশকে একটি সম্ভাবনাময় দেশ হিসেবে দেখেন তিনি।
চুক্তি হলেও নতুন কোচ কবে নাগাদ দলের সঙ্গে যোগ দেবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে জিম্বাবুয়ে সফরে দলের সঙ্গে তিনি থাকবেন বলে জানিয়েছে বিসিবি।
১৭ থেকে ১৯ জুলাই বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় যেতে পারে। ওই সময় দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দিতে পারেন ল। আবার ২৫/২৬ জুলাই সরাসরি জিম্বাবুয়ে চলে যেতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন নতুন কোচ।
স্টুয়ার্ট ল'র কাজ তিন মাস পরপর পর্যালোচনা করা হবে বলে জানান জালাল।
অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ও একদিনের আন্তর্জাতিক খেলায় অংশ নেওয়ার অভিজ্ঞতাসম্পন্ন ল আইপিএলে যেতে দেওয়ার বিষয়ে কোনো শর্তজুড়ে দেননি। তবে বিগ ব্যাশে (অস্ট্রেলিয়ার টি- টোয়েন্টি টুর্নামেন্ট) যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
এ বিষয়ে জালাল বলেন, "তিনি আমাদের সব শর্ত মেনেছেন। বিগ ব্যাশ চলাকালে বাংলাদেশের কোনো খেলা না থাকলে তার যাওয়ার ব্যাপারে ভাবা হতে পারে। এ ছাড়া জেমি যেসব সুযোগ সুবিধা পেতেন, তা ল-ও পাবেন।"
বাংলাদেশের কাউকে সহকারী কোচ হিসেবে মানতে আপত্তি নেই ল'র। অন্যান্য সহকারী কোচের ব্যাপের ল নিজেও একটি তালিকা দিয়েছেন, এছাড়া বিসিবিরও একটি তালিকা রয়েছে। মাস খানেকের ভেতর সেখান থেকে কোচদের নিয়োগ দেওয়া হবে বলে জালাল জানান।
সংবাদ সম্মেলনে তিনি জানান জিপি-বিসিবি একাডেমি দলের বোলিং কোচ হিসেবে শিগগির আসছেন অস্ট্রেলিয়ার জিওফ লসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এমআই/১৬১৮ ঘ.
bdnews24