ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে শ্রীলঙ্কা দল থেকে বাদ পড়েছেন পেসার দিলহারা ফার্নান্দো।
সাউদাম্পটনে তৃতীয় ও শেষ টেস্টে খেলার সময় চোট পান ফার্নান্দো। তার বদলে দলে ফিরেছেন ধাম্মিকা প্রসাদকে।
গত নভেম্বরে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২৮ বছর বয়সী ধাম্মিকা। আর ২০০৯ সালের অগাস্টের পর কোনো একদিনের ম্যাচও খেলেননি তিনি।
ধাম্মিকা ছাড়াও শ্রীলঙ্কার পেস আক্রমণের দায়িত্বে আছেন লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা, সুরাঙ্গা লাকমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও থিসারা পেরেরা।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি একদিনের ম্যাচ ছাড়াও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।
একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ২৫ জুন। একদিনের সিরিজ শুরু হবে ২৮ জুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/১৬৪৪ ঘ.
bdnews24