২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 05:08 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ। সাবিনা পার্কে মঙ্গরবার প্রথম টেস্টের দ্বিতীয় দিন মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময় স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ১১৯। এক প্রান্তে শিবনারায়ন চন্দরপল ৯ ও অন্য প্রান্তে কার্লটন বগ ১৪ রানে ব্যাট করছেন। এখনো ভারতের প্রথম পালার চেয়ে ১২৭ রানে পিছিয়ে তারা। প্রথম পালায় ভারত ২৪৬ রান করে। ১ উইকেটে ৩৪ রান নিয়ে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিন শুরু করে। প্রথম সেশনে ৮৫ রান যোগ করতে হারায় ৪ উইকেট। প্রথম ছয় ব্যাটসম্যানের তিনজনই দু'অঙ্কের কোঠায় পৌঁছতে ব্যর্থ হন। দিনের শুরুতেই রামনরেশ সারওয়ানকে (৩) হারিয়ে বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলের রান তখন ৩৫। চতুর্থ উইকেটে বারাথ ও ড্যারেন ব্র্যাভো ৫৬ রান যোগ করে দলকে বেশ ভালো অবস্থানে নিয়ে আসেন। দলীয় ৯১ রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বরাথ (৬৪) ফিরে গেলে হোঁচট খায় স্বাগতিকরা। বারাথ তার ১২২ বলের ইনিংসটি সাজান ৯টি চার ও ১টি ছয় দিয়ে। এটি তার দ্বিতীয় অর্ধশতক। বেশিক্ষণ টেকেননি ব্র্যাভোও। উইকেটে সেট হয়ে ১৮ রানে বিদায় নেন তিনি। ১ রান করেই সাজঘরের পথ ধরেন ব্রেন্ডন ন্যাশ। দলের রান তখন ১০২। ভারতের পক্ষে প্রভিন কুমার ৩ উইকেট নেন ২৪ রানে। এছাড়া ইশান্ত শর্মা ১৭ রানে নেন ২ উইকেট। সিরিজে তিনটি টেস্ট খেলবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত ও সাত নম্বর দল ওয়েস্ট ইন্ডিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩০১ ঘ.