ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবিনা পার্কে ব্যাটসম্যানদের বেশ পরীক্ষা নিচ্ছেন বোলাররা। প্রথম দিনে ২৮০ রান তুলতে পরেছে ১১ উইকেট।
নিজেদের প্রথম পালায় ১ উইকেটে ৩৪ রান করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ভারতের চেয়ে এখনো ২১২ রানে পিছিয়ে আছে তারা। এক প্রান্তে অ্যাড্রিয়ান বারাথ ২৬ ও অন্য প্রান্তে রামনরেশ সারওয়ান ২ রানে ব্যাট করছেন। ৩ রান করে সাজঘরে ফিরেন লেন্ডল সিমন্স। সফরকারী ভারত প্রথম পালায় করে ২৪৬ রান।
ভারতের পক্ষে ইশান্ত শর্মা ১ উইকেট নেন ৮ রানে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে প্রথম টেস্টে বিপদে পড়ে ভারত। এক পর্যায়ে ৮৫ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা সফরকারীদের লড়াইয়ে ফেরান সুরেশ রায়না ও হরভজন সিং। সপ্তম উইকেট জুটিতে এ দুজন ১৪৬ রান যোগ করেন। দলীয় ২৩১ রানে হরভজন (৭০) বিদায় নিলে আবারো বিপদে পড়ে ভারত।
হরভজন তার ৭৪ বলের ইনিংসটি সাজান ১০টি চার ও ১টি ছয় দিয়ে। এটি তার নবম অর্ধশতক। হরভজনের বিদায়ের পর ১৫ রান যোগ করতে শেষ তিনটি উইকেট হারায় মহেন্দ্র সিং ধোনির দল।
দশম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে সুরেশ রায়না করেন ৮২ রান। তার ১১৫ বলের ইনিংসে ১৫টি চার রয়েছে। এটি তার তৃতীয় অর্ধশতক।
এছাড়া রাহুল দ্রাবিড় ৪০ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ফিদেল এডোয়ার্ডস ৪ উইকেট নেন ৫৬ রানে। এছাড়া তিনটি করে উইকেট নেন রবি রামপল ও দেবেন্দ্র বিশু। এ জন্য রামপল দেন ৫৯ রান। বিশু ৭৫।
প্রথমবারের মতো টেস্ট খেলতে মাঠে নামেন ভারতের বিরাট কোহলি, প্রভিন কুমার ও অভিনব মুকুন্দ। এছাড়া টেস্ট ক্রিকেটে ১৫ বছর পূর্ণ হলো রাহুল দ্রাবিড়ের।
সিরিজে তিনটি টেস্ট খেলবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত ও সাত নম্বর দল ওয়েস্ট ইন্ডিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬৩৪ ঘ.
bdnews24