২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাছাই পর্বে ছয়টি দল অংশ নিতে পারে

চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-টোয়েন্টির বাছাই পর্বে ছয়টি দল খেলতে পারে। এর মধ্য থেকে তিনটি দল খেলবে প্রতিযোগিতার মূলপর্বে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 09:08 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-টোয়েন্টির বাছাই পর্বে ছয়টি দল খেলতে পারে। এর মধ্য থেকে তিনটি দল খেলবে প্রতিযোগিতার মূলপর্বে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ দল কলকাতা নাইট রাইডার্স, ক্যারাবিয়ার টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো ও নিউজিল্যান্ডের 'এইচআরভি কাপ' চ্যাম্পিয়ন অকল্যান্ড এসেস ছাড়াও শ্রীলঙ্কার একটি ও ইংল্যান্ডের দু'টি দল বাছাই পর্বে অংশ নিতে পারে। তবে ওই তিনটি দল এখনো অংশ গ্রহণ নিশ্চিত না করায় বাছাই পর্বের খেলার দিনক্ষণ ঠিক করা সম্ভব হচ্ছে না। বাছাই পর্বের খেলা হবে হায়দ্রাবাদে, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর। এছাড়া সাতটি দল সরাসরি ওই প্রতিযোগিতায় অংশ নেবে। দলগুলো হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শীর্ষ তিন দল চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বাই ইন্ডিয়ান্স। বিশ ব্যাশ চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়া রেডব্যাকস ও রানার্স-আপ নিউ সাউথ ওয়েলস ব্লুজ এবং দক্ষিণ আফ্রিকার 'প্রাটোয়েন্টি' চ্যাম্পিয়ন ওয়ারিওর্স ও রানার্স-আপ কেপ কোবরাস। এবারের চ্যাম্পিয়ন্স লিগ হবে ভারতে। প্রতিযোগিতা চলবে ২৩ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত। খেলা হবে ব্যাঙ্গালোর, চেন্নাই ও কলকাতায়। ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরে ১২টি দল অংশ নেয়। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় আসরে খেলে ১০টি দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএনএম/টিআর/১৭৪৯ ঘ.