২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদির ৪.৫ মিলিয়ন রুপি জরিমানা

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আচরণবিধি না মানার জন্য একদিনের দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির ৪.৫ মিলিয়ন রুপি জরিমানা করা হয়েছে। তবে বিদেশে খেলার অনাপত্তি পত্র দেয়া হয়েছে তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2011, 02:48 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আচরণবিধি না মানার জন্য একদিনের দলের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির ৪.৫ মিলিয়ন রুপি জরিমানা করা হয়েছে। তবে বিদেশে খেলার অনাপত্তি পত্র দেয়া হয়েছে তাকে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখার জন্য পিসিবি গঠিত কমিটির শুনানিতে আফ্রিদি দোষ স্বীকার করার পাশাপাশি কমিটির রায় মেনে নেন। তবে তিনি ক্ষমা প্রার্থনা করতে অস্বীকার করেন। পরে ইএসপিএনক্রিকইনফোকে আফ্রিদি বলেন, "বোর্ডের সঙ্গে তিক্ত সম্পর্ক সৃষ্টির জন্য আমি দুঃখিত এবং আচরণবিধি না মেনে চলার অভিযোগ আমি মেনে নিচ্ছি। কিন্তু আমি যা বলেছি, সে জন্য আমি ক্ষমা চাইছি না। শর্ত সাপেক্ষে তার অবসরের ঘোষণা বজায় থাকবে বলে আফ্রিদি জানান। তিনি আবারো বলেন, "পিসিবির বর্তমান নেতৃত্বের অধীনে আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলবো না। আমার অবস্থান আগের মতোই রয়েছে।" আচরণবিধি লঙ্ঘনের জন্য সর্ব সম্মতিক্রমে কমিটি আফ্রিদির ৪.৫ মিলিয়ন রুপি (৫৩,০০০ ডলার) জরিমানা করে বলে উল্লেখ করে পিসিবির আইন উপদেষ্টা তাফাজুল রিজভি বলেন, একই সঙ্গে তাকে দেয়া অনাপত্তি পত্র বহালেরও সুপারিশ করেছে কমিটি। এর ফলে আফ্রিদি এখন হ্যাম্পশায়ারের হয়ে ইংল্যান্ডের ঘরোয়া ফ্রেন্ডস লাইফ টোয়েন্টি-টোয়েন্টিতে খেলতে পারবেন। পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় আফ্রিদি দলের কোচ ওয়াকার ইউনুসের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। দেশে ফিরেই আফ্রিদি অভিযোগ করেন, যার যা কাজ তা করা উচিত। বাড়াবাড়ি করা উচিত নয়। এরপর ক্ষুব্ধ পিসিবি আফ্রিদির অধিনায়কত্ব কেড়ে নেয়। আয়ারল্যান্ড সফর থেকে নিজেকে সরিয়ে নেয়া ও শর্ত সাপেক্ষে অবসরের ঘোষণা দিয়ে অলরাউন্ডার এর জবাব দেন। অবসরের ঘোষণা দেয়ার সময় আফ্রিদি বলেন, "পিসিবির বর্তমান নেতৃত্বের অধীনে আমি খেলবো না। তবে নতুন নেতৃত্বের অধীনে আমার খেলতে আপত্তি নেই।" এর পরিপ্রেক্ষিতে পিসিবি আফ্রিদিকে কারণ দর্শানোর নোটিশ দেয়। তার কেন্দ্রীয় চুক্তি বাতিল করে। তাকে দেয়া অনাপত্তি পত্রও প্রত্যাহার করে নেয়। এর বিরুদ্ধে সিন্ধু হাইকোর্টে পিসিবির বিরুদ্ধে আফ্রিদি একটি পিটিশন দায়ের করেন। যদিও কারণ দর্শানোর নোটিশের জবাব দেন তিনি। এতে আচরণবিধি না মানার কথা স্বীকার করে তিনি বলেন, কমিটির শুনানিতে হাজির হতে তিনি রাজি আছেন। এক পর্যায়ে আফ্রিদি কমিটির শুনানিতে হাজির হবেন কি না, সে ব্যাপারে সন্দেহ দেখা দেয় এবং পুরো বিষয়টি রাজনৈতিক রূপ নেয়। অবশেষে আফ্রিদি ও পিসিবি একটি সমঝোতায় পৌঁছে। সমঝোতার শর্ত অনুযায়ী, আফ্রিদিকে দেয়া অনাপত্তি পত্র বহালের বিনিময়ে সিন্ধু হাইকোর্টে পিসিবির বিরুদ্ধে দায়ের করা পিটিশন তিনি প্রত্যাহার করে নিতে রাজি হন। এরই মধ্যে আদালত থেকে আফ্রিদি তার পিটিশন প্রত্যাহার করে নিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/টিএ/২০০২ ঘ.