২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদির ভবিষ্যত অনিশ্চিত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সমঝোতায় পৌঁছলেও আন্তর্জাতিক ক্রিকেটে শহিদ আফ্রিদির ভবিষ্যত অনিশ্চিতই রয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 03:19 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে সমঝোতায় পৌঁছলেও আন্তর্জাতিক ক্রিকেটে শহিদ আফ্রিদির ভবিষ্যত অনিশ্চিতই রয়ে গেছে। আচরণবিধি না মেনে চলার জন্য একদিনের দলের অধিনায়কত্ব কেড়ে নেয়া হয় আফ্রিদির। এরপর শর্তসাপেক্ষে অবসরের ঘোষণা দেন তিনি। সে সময় পিসিবি'র সমালোচনা করতে গিয়ে আফ্রিদি বলেছিলেন, বোর্ডের বর্তমান নেতৃত্বের অধীনে তিনি আর খেলবেন না। তবে নেতৃত্বের পরিবর্তন হলে তার খেলতে আপত্তি নেই। এরপর আফ্রিদিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া ছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিটি গঠন, কেন্দ্রীয় চুক্তি বাতিল ও হ্যাম্পশায়ারে খেলার জন্য দেয়া অনাপত্তি পত্র প্রত্যাহার করে নেয় পিসিবি। এর বিরুদ্ধে সিন্ধু আদালতে একটি পিটিশন দায়ের করেন আফ্রিদি। ইসলামাবাদে মঙ্গলবার পিসিবি চেয়ারম্যান ইজাজ বাট ও আফ্রিদি আলোচনার মধ্য দিয়ে সমঝোতায় পৌঁছেন। এর অংশ হিসেবে বুধবার সিন্ধু আদালত থেকে পিটিশন প্রত্যাহার করে নেন আফ্রিদি। বিনিময়ে অনাপত্তি পত্র ফিরিয়ে দেয়ার প্রতিশ্র"তি দেয় বোর্ড। এর ফলে হ্যাম্পশায়ারের হয়ে তার খেলার পথে আর কোনো বাধা থাকবে না। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগেও (এসএলপিএল) খেলার সুযোগ দেয়া হবে তাকে। তবে অভিযোগ খতিয়ে দেখার জন্য গঠিত কমিটির শুনানিতে আফ্রিদিকে হাজির হতে হবে। শুনানিতে তার শাস্তিও হতে পারে। শুনানি হবে লাহোরে বৃহস্পতিবার। আফ্রিদির অবসরের ঘোষণা সম্পর্কে ইএসপিএনক্রিকইনফোকে ইজাজ বলেন, "এ ব্যাপারে ভাবনা-চিন্তা করা হয়নি। বোর্ডের চোখে তিনি অবসরে যাওয়া খেলোয়াড় ছাড়া আর কিছুই নন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৪১ ঘ.