ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০১১-১৩ এ নিজেদের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আফগানিস্তানের মুখোমুখি হবে কানাডা।
কানাডায় অগাস্টের ২ থেকে ৫ তারিখ পর্যন্ত খেলাটি চলবে।
এছাড়াও তারা দুটি একদিনের আন্তর্জাতিক ও দুটি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচও খেলবে।
একদিনের ম্যাচ দুটি হবে ৮ ও ৯ অগাস্ট। আর ১১ ও ১২ অগাস্ট টোয়েন্টি- টোয়েন্টি ম্যাচ দুটি হবে।
যদিও ম্যাচগুলোর ভেন্যু এখনো ঘোষণা করেনি ক্রিকেট কানাডা।
প্রতিযোগিতার ২০০৯-১০ আসরে সবাইকে চমকে দিয়ে প্রথমবারের মত অংশ নেয়া আফগানিস্তান শিরোপা জেতে। ফাইনালে তারা পয়েন্ট তালিকার শীর্ষদল স্কটল্যান্ডকে হারায়।
এর মধ্যে লিগ পর্যায়ে কানাডার বিপক্ষে মাত্র চার উইকেট হারিয়ে ৪৭৪ রান করেছিলো আফগানিস্তান।
কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে আফগানিস্তান।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে ইন্টারকন্টিনেন্টাল কাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে আইসিসির সহযোগী সদস্যরা তাদের সমমানের দলের সঙ্গে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে। যাতে তারা নিজেদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য করে তুলতে পারে।
আয়ারল্যান্ড এই প্রতিযোগিতার সবচেয়ে সফল দল। তারা ২০০৫ থেকে ২০০৭-০৮ মৌসুমে টানা তিনবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১১৪৫ ঘ.
bdnews24