ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩ উইকেটে হারিয়েছে ভারত। তখনো হাতে ছিল ২২ বল।
এ জয়ের ফলে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ জিতল ভারত। এর আগে প্রথম দুই খেলায় জিতে সুরেশ রায়নার দল। ২০০৮ সালের এপ্রিলে শেষবার টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে একদিনের সিরিজ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সোমবার সিরিজের চতুর্থ একদিনের ম্যাচ খেলবে দু'দল।
এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শনিবার টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সফরকারী ভারতে অধিনায়ক সুরেশ রায়না।
ব্যাট করতে নেমে আন্দ্রে রাসেলের অপরাজিত অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ২২৫ রান করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। জবাবে রোহিত শর্মার হার না মানা অর্ধশতকের সুবাদে ৪৬ ওভার ২ বলে ৭ উইকেটে জয়ের লক্ষ্য ২২৬ ছাড়িয়ে ২২৮ রানে পৌঁছে যায় ভারত।
লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা ছিল ওয়েস্ট ইন্ডিজের মতো। ৯২ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে রায়নার দল। উদ্বোধনী ব্যাটসম্যান পার্থিব প্যাটেল করেন ৪৬ রান।
পরাজয়ের শঙ্কায় পড়ে যাওয়ায় দলকে খেলায় ফেরান রোহিত ও হরভজন সিং। সপ্তম উইকেট জুটিতে এ দুজন যোগ করেন ৮৮ রান। দলীয় ১৮০ রানের মাথায় হরভজন (৪১) বিদায় নিলেও দেখেশুনে খেলতে থাকেনর রোহিত।
অষ্টম উইকেটে প্রভিন কুমারের সঙ্গে ৪৮ রান তুলে দলকে এনে দেন স্বস্তির জয়। শেষ পর্যন্ত রোহিত অপরাজিত থাকেন ৮৬ রানে। প্রভিন ২৫ রানে। রোহিত তার ৯১ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও ২টি ছয় দিয়ে।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নেন দেবেন্দ্র বিশু ও ড্যারেন সামি। এ জন্য বিশু দেন ৪১ রান। সামি ৪৯।
৯৬ রানে ৭ উইকেট হারানো স্বাগতিকদের খেলায় ফেরান কার্লটন বগ ও রাসেল। অষ্টম উইকেট জুটিতে তারা যোগ করেন ৭৮ রান। ধৈর্যের প্রতিমূর্তি বগ (৩৬) দলীয় ১৭৪ রানের মাথায় বিদায় নিলেও অবিচল ছিলেন রাসেল।
শেষ পর্যন্ত ৯২ রানে অপরাজিত থাকেন ৯ নম্বর ব্যাটসম্যান রাসেল। মাত্রই নিজের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে দলকে বাঁচান ভরাডুবির হাত থেকে। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলা ৪৯ রানের ইনিংসটি ছিল এতোদিন সর্বোচ্চ। আগের পাঁচ ম্যাচে সব মিলিয়ে করেছিলেন ৫৫ রান। তিনি তার ৬৪ বলের ইনিংসটি সাজান ৮টি চার ও ৫টি ছয় দিয়ে।
অবিচ্ছিন্ন নবম উইকেটে খেমার রোচের সঙ্গে তুলেন ৫১ রান। রোচ অপরাজিত থাকেন ৭ রানে।
এর আগে স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগে ক্রিক এডওয়ার্ডস বিদায় নিলেও স্বাগতিকদের ভালো অবস্থানে নিয়ে আসেন লেন্ডল সিমন্স (৪৫) ও রামনরেশ সারওয়ান (২৮)।
দলীয় ৬৫ রানের মাথায় সারওয়ান দুই নম্বর ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার পর ৩১ রান যোগ করতে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। আউট হওয়া ৮ ব্যাটসম্যানের মধ্যে পাঁচ জনই দু'অঙ্কের কোঠায় পৌঁছতে ব্যর্থ হন। তাদের ব্যাট থেকে আসে সব মিলিয়ে ১১ রান।
ভারতের পক্ষে অমিত মিশ্র ও মুনাফ প্যাটেল ৩টি করে উইকেট নেন। এজন্য মিশ্র দেন ২৮ রান। মুনাফ ৬০।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯২৪ ঘ.
bdnews24