ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেট অস্ট্রেলিয়ার চুক্তিবদ্ধ খেলোয়াড়ের তালিকা থেকে বাদ পড়লেও খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন সাইমন ক্যাটিচ।
সিডনিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিউ সাউথ ওয়েলসের হয়ে খেলবেন তিনি।
গত মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে ২০১১-১২ মৌসুমের জন্য যে ২৫ জন খেলোয়াড় চুক্তিবদ্ধ হয়েছেন সেই তালিকায় নেই ক্যাটিচ।
যদিও অস্ট্রেলিয়ার হয়ে ৫৬ টেস্টে এই উদ্বোধনী ব্যাটসম্যানের অর্জন কম নয়। গত তিন বছরে টেস্টে তার গড় ৪৮। আর সব মিলে গড় ৪৫।
২০০১ সালে প্রথমবারের মতো টেস্টে খেলতে নামেন ক্যাটিচ।
এর আগে ২০০৮ সালে দল থেকে বাদ পড়েছিলেন ক্যাটিচ। পরে আবার দলে ফিরে আসেন। সেই অভিজ্ঞতা কাছে লাগিয়ে আবারও দলে ফেরার চেষ্টা চালিয়ে যাবেন বলে তিনি জানান। বলন, "হঠাৎ করেই চুক্তি থেকে বাদ পড়িনি। আমি তাদের নির্বাচন পদ্ধতি জানি। এর আগেও এই রকম পরিস্থিতিতে আমাকে পড়তে হয়েছে।"
তবে এবার বাদ দেয়ার যে ব্যাখ্যা দেয়া হয়েছে তা খুবই হতাশার বলে মনে করেন ৩৫ বছর বয়সী ক্যাটিচ। বলেন, "আমাকে বলা হয়েছে, ২০১৩ সালের অ্যাশেজ সিরিজ সামনে রেখে উদ্বোধনী জুটি ঠিক করার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অথচ সবাই জানেন যে আমি ও শেন ওয়াটসন ইনিংসের উদ্বোধন করা উপভোগ করি এবং গত দু'বছরে উদ্বোধনী জুটি হিসেবে আমরা দলকে অনেক কিছুই দিয়েছি।"
ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, "নির্বাচকদের মাথার উপরেও কিছু মানুষ আছেন, যারা খেলোয়াড়দের ভবিষ্যত নির্ধারণ করে থাকেন।"
খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ক্যাটিচ একটি ঝুঁকি নিয়েছেন বলে জানান। তিনি বলেন, "নিঃসন্দেহে আমি ঝুঁকি নিয়েছি। যদি ভালো করতে না পারি, তাহলে অবসর নেবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২২২৯ ঘ.
bdnews24