ঢাকা, জুন ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির বিরুদ্ধে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শৃঙ্খলা কমিটির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে আদালত।
নির্দেশের পাশাপাশি ৯ জুনের মধ্যে পিসিবি ও ক্রীড়া মন্ত্রণালয়কে তলব করেছে সিন্ধু উচ্চ আদালত।
পিসিবি তার বিরুদ্ধে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছে তার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে আফ্রিদি আবেদন করলে আদালত এই সিদ্ধান্ত দেয়।
ইএসপিএনক্রিকইনফোকে আফ্রিদির আইনজীবী সৈয়দ আলি জাফর বলেন, "পিসিবির শৃঙ্খলা কমিটির ও তাদের দেওয়া শাস্তির বিরুদ্ধে সিন্ধু আদালতে আমরা একটি আবেদন করেছিলাম। আদালত ওই কমিটি স্থগিত করেছে। পিসিবি ওই আদেশ মানতে বাধ্য। এছাড়া তাদের ৯ জুনের মধ্যে আদালতে যেতেও বলা হয়েছে।"
ওয়েস্ট ইন্ডিজ সফরের পর দেশে ফিরে কোচ ওয়াকার ইউনূসের সঙ্গে তার মতদ্বৈততার বিষয়টি প্রকাশ্যে আনেন ওই সফরে একদিনের সিরিজের অধিনায়ক শহিদ আফ্রিদি। পরে আফ্রিদির অধিনায়কত্ব বাতিল করা হয়। এরপর আফ্রিদি অবসরের ঘোষণা দেন এবং পিসিবির কর্মকর্তাদের সমালোচনা করেন।
পরে পিসিবি আফ্রিদির সঙ্গে কেন্দ্রীয় চুক্তি স্থগিত করার পাশাপাশি 'কোড অফ কন্ডাক্ট' ভঙ্গের অভিযোগে তাকে একটি কারণ দর্শনোর নোটিশ পাঠায়।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৮ জুন পিসিবির তিন সদস্যের শৃঙ্খলা কমিটির সামনে এই বিষয় নিয়ে শুনানি হওয়ার কথা ছিলো। যা আদালতের আদেশের কারণে স্থগিত হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/পিডি/১৯৩৫ ঘ.
bdnews24