ঢাকা, জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইপিএলে খেলে নিজের ফিটনেস প্রমাণ করার পর টেস্ট দলে ফেরার লক্ষ্য ঠিক করেছেন অস্ট্রেলিয়ার পেসার রায়ান হ্যারিস।
আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট দলে ফিরতে নির্বাচকদের মনযোগ চান চোটের কারণে অনেকদিন ধরে দলের বাইরে থাকা হ্যারিস।
শেষবার অ্যাশেজ সিরিজের টেস্টে পার্থে খেলেছিলেন তিনি। নতুন বল ভাগ করে নিয়েছিলেন মিচেল জনসনের সঙ্গে। স্বাভাবিকভাবেই দলে নেয়ার আগে অস্ট্রেলিয়ার নির্বাচকরা তাকে আরো ভালোভাবে দেখতে চাইবেন।
প্রথম পাঁচ টেস্টে ২৪.৪০ গড়ে ২০ উইকেট নেয়া হ্যারিস অস্ট্রেলিয়ার নতুন বোলিং কোচ ক্রেগ ম্যাকডারমটের অধীনে দলের সম্পদ হয়ে উঠতে পারেন।
ইএসপিনক্রিকইনফোকে হ্যারিস বলেছেন, "বড় দৈর্ঘ্যরে ক্রিকেটে নির্বাচকরা আমাকে চান। শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা করার আগে নিজেকে প্রমাণ করতে ছয় থেকে আট সপ্তাহ সময় পাচ্ছি।"
তার ঘরোয়া দল কুইন্সল্যান্ড সবে প্রাক মৌসুম শুরু করছে। বলেন, আমি সহজেই এখানে কাজ শুরু করেেত পারি। তবে ফিটনেসের জন্য জিমে এখনো কঠোর পরিশ্রম করতে হবে বলে মনে করেন তিনি।
নিজেকে প্রমাণ করেই দলে ফিরতে চান হ্যারিস। "আমাকে অনেক ওভার বল করতে হবে। অনেক উইকেট নিতে হবে। তাহলেই হয়ত সিরিজের জন্য আমাকে বিবেচনা করা হবে।"
দলের নতুন বোলিং কোচ ম্যাকডারমটের উপর আস্থা আছে হ্যারিসের। "আমি তার রিপোর্টগুলো দেখেছি। তিনি যে পর্যায়ে আছেন সহজেই কার্যকরী উপদেশ দিতে পারেন।"
ডারমটের সঙ্গে কাজ শুরু করতে মুখিয়ে আছেন হ্যারিস। বলেছন, "এটা দারুণ ব্যাপার। এটা ভিন্ন রকম তবে ভালো। তিনি ট্রয় কুলির সঙ্গে কাজ করেছেন। সম্ভবত তিনি কিছু তথ্যও পেয়েছেন। আমি তার শুরুটা দেখতে উৎসুক।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৫৯ ঘ.
bdnews24