২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের দরকার ৫ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের ২৯৭ রান

সেন্ট কিটস টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য পাকিস্তানের চাই পাঁচ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের ২৯৭ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 06:59 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেন্ট কিটস টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য পাকিস্তানের চাই পাঁচ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের ২৯৭ রান। পাকিস্তানের বেঁধে দেয়া ৪২৭ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে দ্বিতীয় পালায় ১৩০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। এক প্রান্তে ৩০ রানে অপরাজিত রয়েছেন ব্রেন্ডন ন্যাশ। অন্য প্রান্তে কার্লটন বগ অপরাজিত রয়েছেন ৭ রানে। এর আগে ৬ উইকেটে ৩৭৭ রান করে দ্বিতীয় পালা ঘোষণা করে পাকিস্তান। দ্বিতীয় পালায় ব্যাট করতে নেমে শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান ক্রেগ ব্রাথওয়েটকে (০) হারায় ওয়েস্ট ইন্ডিজ। তানভির আহমেদের বলে বোল্ড হন তিনি। প্রাথমিক এই ধাক্কা সামলাতে না সামলাতে আবারো পথ হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৫৯ রানের মাথায় আব্দুর রেহমানের বলে মোহাম্মদ হাফিজের হাতে ধরা পড়েন অপর উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্স (২৪)। এরপর একাই লাড়াই চালিয়ে যেতে থাকেন ড্যারেন ব্রাভো। কিন্তু ১৮ রানের মধ্যে রামনরেশ সারওয়ান (০) ও মার্লোন স্যামুয়েলস (৬) বিদায় নিলে প্রচণ্ড চাপে পড়ে যায় স্বাগতিকরা। ন্যাশকে সঙ্গে নিয়ে দলকে টানতে থাকেন ব্রাভো। দিনের খেলা শেষ হওয়ার আগে আগে ওহাব রিয়াজের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান ব্রাভো। ৫০ রান করেন তিনি ১৪৪ বলে। চার মারেন ২টি ও ছক্কা ২টি। পাকিস্তানের পক্ষে ২৬ রানে ৩ উইকেট নেন আব্দুর রেহমান। এছাড়া তানভির ও ওহাব ১টি করে উইকেট নেন। এ জন্য তানভির দেন ১০ রান ও ওহাব ২৬। এর আগে সোমবার ৩ উইকেটে ২০২ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন পাকিস্তানের দুই অপরাজিত ব্যাটসম্যান তৌফিক ওমর ও মিসবাহ-উল-হক। তারা দলের সঙ্গে আরো ৯৪ রান যোগ করেন। শেষ পর্যন্ত ১৩৫ রান করে রান-আউটের শিকার হন উমর। তিনি তার ৩১৪ বলের ইনিংসটি সাজান ১৩টি চার দিয়ে। উমর দিনের খেলা শুরু করেন ৯৭ রান নিয়ে। এছাড়া ওমর আকমল ৩০ ও মোহাম্মদ সালমান ৮ রান করেন। অধিনায়ক মিসবাহ-উল-হক তার দ্বিতীয় টেস্ট শতক আদায় করে নেয়ার পরপর ইনিংস ঘোষণা করেন। তখন ১০২ রানে অপরাজিত ছিলেন তিনি। তার ১৪১ বলের ইনিংসে রয়েছে ১০টি চার ও ২টি ছক্কা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দেবেন্দ্র বিশু ২ উইকেট নেন ১৪৯ রানে। পাকিস্তানের প্রথম পালার ২৭২ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ করে ২২৩। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৪৪ ঘ.