ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানকে শুধু খেলায় ফিরিয়ে আনেননি, কিছুটা হলেও এগিয়ে রেখেছেন দলের স্পিনাররা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন তাদের চমৎকার বোলিংয়ের মুখে প্রথম পালায় ১৮৪ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে বসে আছে ওয়েস্ট ইন্ডিজ।
ফলে তারা পিছিয়ে আছে এখনো ৮৮ রানে। হাতে আছে ২ উইকেট। পাকিস্তান প্রথম পালায় করে ২৭২।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ব্যাট করতে নেমেই চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২২ রানের মধ্যে বিদায় নেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্স ও ক্রেগ ব্র্যাথওয়েট।
স্কোরবোর্ডে কোনো রান জমা হওয়ার আগে তানভির আহমেদের বলে ফিরে যান সিমন্স। ১৫ রান করে সাজঘরের পথ ধরেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান ব্র্যাথওয়েট।
এরপরই শুরু হয়ে যায় পাকিস্তানের স্পিনারদের দাপট। তাদের আঁটোসাঁটো ও আক্রমণাত্মক বোলিংয়ের মুখে মোটেও সুবিধা করতে পারেননি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা। শুরু করেও নিজেদের ইনিংস বড় করতে পারেননি কেউই, ব্যতিক্রম কেবল মার্লোন স্যামুয়েলস। ফলে উল্লেখ করার মতো বড় কোনো জুটিও গড়ে ওঠেনি।
দলের পক্ষে সবচেয়ে বেশি ৫৭ রান করেন স্যামুয়েলস। এছাড়া ড্যারেন ব্রাভো ২৪ ও রামনরেশ সারওয়ান করেন ২০।
কেমার রোচ ১০ ও রবি রামপল ১৫ রানে অপরাজিত আছেন।
পাকিস্তানের পক্ষে ২টি করে উইকেট নেন তিন স্পিনার মোহাম্মদ হাফিজ, আব্দুর রেহমান ও সাঈদ আজমল। এ জন্য হাফিজের খরচ হয় ১৬ রান। রেহমানের ৪৬ ও আজমলের ৪৯।
এর আগে ৬ উইকেটে ১৮০ রান নিয়ে শনিবার দিনের খেলা শুরু করে পাকিস্তান। দলের সঙ্গে ৭ রান যোগ হতেই সাজঘরের পথ ধরেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রেহমান (৩) ও মোহাম্মদ সালমান (১৩)। ওহাব রিয়াজও খালি হাতে বিদায় নিলে ১৯৪ রানে ৯ উইকেট হারিয়ে বসে পাকিস্তান।
এরপরই খেলার পাল্লা ধীরে ধীরে হেলে যায় পাকিস্তানের দিকে। শেষ উইকেট জুটিতে তানভির ও আজমল দলের সঙ্গে ৭৮ রান যোগ করলে পাকিস্তানের অবস্থা সুসংহত হয়। তানভির ৫৭ রান করে দেবেন্দ্র বিশুর বলে এলবিডব্লিউ'র ফাঁদে পড়েন।
শেষ পর্যন্ত ২৩ রানে অপরাজিত থাকেন আজমল।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন রামপল ও বিশু। এ জন্য রামপল দেন ৬৮ রান। বিশু ৮০। এছাড়া অধিনায়ক ড্যারেন সামি ৭০ রানে নেন ২ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৪৩০ ঘ.
bdnews24