ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হোটেল থেকে পালানোর অন্যতম কারণ হিসেবে ব্যাটসম্যান উমর আকমলের মানসিক নির্যাতনের কথা বলেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক জুলকারনাইন হায়দার।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা বলেন, "দুবাইয়ের হোটেল থেকে কাউকে কিছু না জানিয়ে লন্ডন পালিয়ে যাওয়ার স্পষ্ট কোনো ব্যাখ্যা হায়দার দিতে পারেননি। তবে অভিযোগ করেছেন যে উমর ছাড়াও দলের কয়েকজন খেলোয়াড় তার ওপর মানসিক নির্যাতন চালাতেন।"
টিম ম্যানেজমেন্টের ওপর আস্থা ও বিশ্বাস না থাকায় হায়দার এ ব্যাপারে কাউকে কিছু জানাননি বলে তিনি জানান।
হায়দার খেলতেন উমর আকমলের ভাই উইকেটরক্ষক কামরান আকমলে জায়গায়। আর এ কারণেই দল থেকে বাদ পড়েন কামরান। হায়দার বলেন, এটাই পছন্দ হয়নি উমরের। তাই অনুশীলনের সময় ও সাজঘরে তাকে মানসিক চাপে রাখা হতো।
গত বছরের নভেম্বরে দুবাইতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ একদিনের সিরিজের শেষ খেলার দিন সকালে হোটেল থেকে উধাও হয়ে যান হায়দার। পরে লন্ডনে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি টেলিফোনে তাকে 'ম্যাচ ফিক্সিং'র প্রস্তাব দেন। এই প্রস্তাবে রাজি না হলে তার ও পরিবারের ক্ষতি করা হবে বলে হুমকি দেন লোকটি। এ কারণেই কাউকে কিছু না জানিয়ে তিনি পালিয়ে যান।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে এপ্রিলে দেশে ফেরেন হায়দার।
বিষয়টি খতিয়ে দেখার জন্য পিসিবি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। হায়দার ঘরোয়া ক্রিকেট বা পাকিস্তান দলে আবারো খেলার সুযোগ পাবেন কিনা, কমিটিই সেই সিদ্ধান্ত নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৫৩ ঘ.
bdnews24