ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ১১১ রানের বড় জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। এর ফলে সেমিফাইনালের অন্যতম দাবিদার হিসেবে অবস্থান আরো পাকা হয়েছে দলটির।
১৩ খেলায় এটি পাঞ্জাবের সপ্তম জয়। এ জয়ের পরও ১৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে দলটি। ১২ খেলায় কলকাতা নাইট রাইডার্সেরও পয়েন্ট ১৪। রান-রেটে এখনো পাঞ্জাবের চেয়ে এগিয়ে আছে তারা। অন্যদিকে ১৩ খেলায় এটি ব্যাঙ্গালোরের চতুর্থ হার। ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে দলটি।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৬৩তম খেলায় মঙ্গলবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে অ্যাডাম গিলক্রিস্টের শতক ও শন মার্শের অপরাজিত অর্ধশতকের সুবাদে ২ উইকেটে ২৩২ রান করে পাঞ্জাব। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৭ ওভারে ১২১ রানে গুটিয়ে যায় ব্যাঙ্গালোর।
রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই উইকেট হারিয়ে খেলা থেকে দূূরে সরে যায় ব্যাঙ্গালোর। ক্রিস গেইল বিদায় নেন রানের খাতা খোলার আগেই। দলের রান তখন ৪।
পুুরো খেলায় এই ধাক্কা আর সামাল দিতে পারেনি ব্যাঙ্গালোর। ১৮ বল বাকি থাকতেই হারায় সব উইকেট। সবচেয়ে বেশি ৩৪ রান করেন এবি ডি ভিলিয়ার্স। এছাড়া মোহাম্মদ কাইফ করেন ১৫।
পাঞ্জাবের পক্ষে পিযুষ চাওলা ৪ উইকেট নেন ১৭ রানে। ২৮ রানে ৩ উইকেট নেন রায়ান হ্যারিস।
এর আগে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে ২৫ রানের মাথায় প্রথম উইকেট হারালেও ব্যাঙ্গালোরের বোলারদের চেপে ধরার সুযোগ দেননি গিলক্রিস্ট ও মার্শ। দ্বিতীয় উইকেট জুটিতে এ দু'জন তোলেন ২০৬ রান। শেষ ওভারে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে গিলক্রিস্ট ১০৬ রান করেন।
আইপিএলে এটি গিলক্রিস্টের দ্বিতীয় শতক। তার ৫৫ বলের ইনিংসে ৮টি চার ও ৯টি ছয় রয়েছে। কম যাননি মার্শও। শেষ পর্যন্ত ৭৯ রানে অপরাজিত ছিলেন। তিনি তার ৪৯ বলের ইনিংসটি সাজান ৭টি চার ও ৫টি ছক্কা দিয়ে।
পাঞ্জাবের পক্ষে চার্লস ল্যাঙ্গেভেল্ডট ২ উইকেট নেন ৪৮ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/০০০১ ঘ.
bdnews24