ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে কোচি টাস্কার্স কেরালা। তখনো হাতে ছিল ৭৬ বল।
১৩ খেলায় এটি কোচির ষষ্ঠ জয়। এ জয়ের ফলে ১২ পয়েন্ট নিয়ে রাজস্থানকে সরিয়ে তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে কোচি। সমান খেলায় ১১ পয়েন্ট নিয়ে রাজস্থান নেমে গেছে সাত নম্বরে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৬১তম খেলায় রোববার ইন্দোরের হলকার ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কোচির অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।
ব্যাট করতে নেমে ১৮ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ৯৭ রান করে রাজস্থান। জবাবে ৭ ওভার ২ বলে ২ উইকেটে জয়ের লক্ষ্য ৯৮ রানে পৌঁছে যায় কোচি।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ঝড় তোলেন কোচির ব্যাটসম্যানরা। ৩ ওভার ১ বলের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান জয়াবর্ধনে ও বেন্ডন ম্যাককালাম বিদায় নিলেও ততক্ষণে স্কোরবোর্ডে জমা করেন তারা ৪৫ রান।
জয়াবর্ধনে ৬ ও ব্রেন্ডন ম্যাককালাম ২৯ রান করেন। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে পার্থিব প্যাটেল ও ব্র্যাড হজ ৫৩ রান তুলে দলকে পৌঁছে দেন জয়ের ঠিকানায়। শেষ পর্যন্ত হজ ৩৩ ও পার্থিব ২১ রানে অপরাজিত থাকেন।
রাজস্থানের পক্ষে নয়ন দেশাই ও জ্যাকব ওরাম একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রাজস্থান। মাত্র চার ব্যাটসম্যান পৌঁছেন দুই অঙ্কের ঘরে। সবচেয়ে বেশি ৩১ রান আসে অশোক মেনারিয়ার ব্যাট থেকে। এছাড়া শেন ওয়াটসন ২০ ও ফায়াজ ফজল ১৬ রান করেন। শন টেইট অপরাজিত থাকেন ১০ রানে।
কোচির পক্ষে হজ ৪ উইকেট নেন ১৩ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২৩১৮ ঘ.
bdnews24