২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আকরামের নেতৃত্বে ক্রিকেটের নতুন নির্বাচক নান্নু-সুমন

আকরাম খানকে প্রধান করে তিন সদস্যের নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে বিসিবি। কমিটির অপর দুই সদস্য হলেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আকরাম খানকে প্রধান করে তিন সদস্যের নতুন নির্বাচক কমিটি ঘোষণা করেছে বিসিবি। কমিটির অপর দুই সদস্য হলেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৩০তম সভায় নতুন কমিটির অনুমোদন দেয়। বুধবার বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটি ১ জুন থেকে দায়িত্ব পালন করবেন। এই সময়ের মধ্যে চুক্তির শর্তগুলো চূড়ান্ত করা হবে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপাতত বাংলাদেশের কোনো খেলা না থাকায় জুন মাস থেকে নতুন নির্বাচক কমিটি কাজ শুরু করবে।" এর আগে ১৯ এপ্রিল বিসিবির ২৯তম সভায় রফিকুল আলমের নেতৃত্বাধীন কমিটির চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়া হয়। তিন সদস্যের ওই কমিটির সদস্য ছিলেন সাবেক অধিনায়ক আকরাম। তার সঙ্গে ছিলেন জাতীয় দলের সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান জাহিদ রাজ্জাক মাসুম। ওই সভায় বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামালকে বোর্ডের ৫ সদস্যের সমন্বয়ে একটি দল গঠন করার দায়িত্ব দেওয়া হয়। তারা নতুন নির্বাচক কমিটি গঠন করেছেন। নান্নু ও সুমন দুজনই জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা জুম আলট্রা ৩ ম্যাচের একদিনের সিরিজে টিকেট বিক্রি থেকে বিসিবির আয় ১,০৯,৭২,৮৯২ টাকা। এছাড়া সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিসিবি জাতিসংঘের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এমআই/২০৪২ ঘ.