ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শচীন টেন্ডুলকারের শতকের পরও মুম্বাই ইন্ডিয়ান্সকে ৮ উইকেটে হার মানতে হয়েছে কোচি টাস্কার্স কেরালার কাছে। তখনো হাতে ছিল ৬ বল।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম খেলায় রান তাড়া করতে গিয়ে ১৯ ওভারে ২ উইকেটে জয়ের লক্ষ্য ১৮৩ টপকে ১৮৪ রানে পৌঁছে যায় কোচি।
এর আগে টস জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠায় কোচি। অধিনায়ক শচীন টেন্ডুলকারের শতকের সুবাদে ১৮২ রান করে দলটি।
জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাল্লা দিয়ে রান তুলতে থাকেন কোচির অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও ব্রেন্ডন ম্যাককালাম।
দলীয় ১২৮ রানের মাথায় ৫৬ রান করে জয়াবর্ধনে বিদায় নিলেও রানের চাকা থামেনি। বরং পরের ব্যাটসম্যানরাও রান তুলতে থাকেন সমানতালে। মাহেলার ৩৬ বলের ইনিংসে চার রয়েছে ৯টি।
১৫৬ রানের মাথায় ম্যাককালামও বিদায় নেন। কিন্তু তারপরও পথ হারায়নি কোচির পালা। ম্যাককালাম ৮১ রান করেন ৬০ বলে। তিনি তার ইনিংসটি সাজান ১০টি চার ও ২টি ছক্কা দিয়ে।
রবীন্দ্র জাদেজা ১১ বলে ২৫ ও ব্র্যাড হজ ৭ বলে ১১ রান করে দলকে পৌঁছে দেন জয়ের ঠিকানায়।
মুম্বাইয়ের বোলারদের মধ্যে উইকেট দু'টো নেন লাসিথ মালিঙ্গা। এ জন্য রান দেন তিনি ৪২।
এর আগে ব্যাটিংয়ে নেমেই ঝড় তোলেন শচীন। দলীয় ৬১ রানের মাথায় ১২ রান করে ডেভি জ্যাকবস বিদায় নিলেও শচীন ছেলেখেলা মেতে ওঠেন কোচির বোলারদের নিয়ে। শেষ পর্যন্ত হার না মানা ১০০ রানের চোখ ঝলসানো একটি ইনিংস খেলেন তিনি। তার ৬৬ বলের ইনিংসে ১২টি চার ও ৩টি ছক্কা রয়েছে।
এটি আইপিএলে শচীনের প্রথম শতক। এর আগে তার সর্বোচ্চ রান ছিল ৮৯। এই রান করেন তিনি গত মৌসুমে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। আর এবারের আইপিএলে এটিই প্রথম শতক।
এছাড়া আম্বাতি রাইয়ুদু করেন ৩৩ বলে ৫৩। তিনি তার ইনিংসটি সাজান ৩টি চার ও ৪টি ছক্কা দিয়ে।
কোচির পক্ষে রাইফি গোমেজ ১ উইকেট নেন ২৯ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩০৮ ঘ.
bdnews24