২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেশি সমালোচনা না করার অনুরোধ সিডন্সের

বাংলাদেশের ক্রিকেটারদের খুব বেশি সমালোচনা না করার অনুরোধ জানিয়েছেন কোচ জেমি সিডন্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2011, 05:55 PM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ক্রিকেটারদের খুব বেশি সমালোচনা না করার অনুরোধ জানিয়েছেন কোচ জেমি সিডন্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় খেলা শেষে বুধবার ুশের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিদায়ী কোচ জেমি সিডন্স বলেন, এদের গড় বয়স মাত্র ২৩। এরা মাঠে, অনুশীলনে সর্বোচ্চ চেষ্টা করে। কিছু ভুল হতে পারে। "তাদের এতো কঠোর সমালোচনা করবেন না। এতো সমালোচনায় তরুণদের ভালো কিছু হতে পারে না।" সিডন্স বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই আমাদের সর্বোচ্চ রান। দল ব্যাটিংয়ে উন্নতি করছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো ম্যাচেই সব উইকেট হারাইনি। প্রতি খেলায় দুইশ'র বেশি রান করেছি। এটা উন্নতির প্রমাণ। আইসিএলের কারণে বাংলাদেশ ক্রিকেট একটা বড় ধাক্কা খেয়েছে বলে মনে করেন তিনি। "আইসিএলের কারণে ফর্মে থাকা আমাদের বেশ কিছু খেলোয়াড়কে সে সময়ে আমরা হারিয়েছিলাম। এটা একটা বড় ক্ষতি ছিলো। সব কিছু আবার শুরু করতে আমাদের ৬ থেকে ৮ মাস সময় লেগেছিলো।" বিশ্বকাপে আরেকটু ভালো হতে পারতো বলে অক্ষেপ করেছেন তিনি। তবে দু একটি খারাপ দিন আসতেও পারে বলে মনে করেন তিনি। "৫৮ ও ৭৮ [রান] বাদে বাকি খেলাগুলোতে আমরা ভালো করেছি। আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের বিপক্ষে আমরা জয় পেয়েছি।" সিডন্সের মতে, বাংলাদেশের ক্রিকেটের জন্য সামনে ভালো দিন অপেক্ষা করছে। এ জন্য বিসিবিকে আরো দায়িত্ব নিতে হবে। শুধু জাতীয় দল নয়, ক্রিকেটারদের উঠে আসার পথেও আরো দায়িত্ব নেওয়ার আছে তাদের। "পরের বিশ্বকাপের জন্য এখনো চার বছর সময় আছে। দলে অনেক সম্ভাবনা আছে। নেতিবাচক সমালোচনা না করে পাশে দাঁড়ালে সামনে অনেক সাফল্য অপেক্ষা করছে।" বাংলাদেশের ক্রিকেট সঠিক পথেই আছে। তবে সাফল্যের জন্য আরো সময় দিতে হবে বলে তিনি মনে করেন। একই মত অধিনায়ক সাকিব আল হাসানেরও। তিনি বলেন, আমাদের ক্রিকেট সঠিক পথেই আছে। সিডন্সের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। "সব কিছুর শেষ আছে- হয়তো সে জন্যই ওর যাওয়া।" এই সিরিজে বোলিং ও ফিল্ডিং ভালো হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। "আমরা ভালো বল করতে পারিনি। ফিল্ডিংটাও ভালো হয়নি। তবে ওয়াটসন দুই ম্যাচেই শুরুতে মেরে খেলা নিজেদের হাতে নিয়ে না নিলে অন্য রকম হতে পারতো। পেসাররা শুরুতে উইকেট এনে দিলেও স্পিনারদের জন্য সুবিধা হত।" সামনে আইপিএলে খেলবেন সাকিব, তারপর ইংল্যান্ডে খেলবেন কাউন্টি ক্রিকেট। এসব খেলায় নিজেকে ফিট রাখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার কাছে। আর সুযোগ পেলে খেলতে চান সেরা খেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/পিডি/১১৫৮ ঘ.