২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খারাপ ফিল্ডিংকেই দায়ী করলেন সাকিব

অস্ট্রেলিয়ার কাছে হারার জন্য খারাপ ফিল্ডিংকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2011, 03:23 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার কাছে হারার জন্য খারাপ ফিল্ডিংকে দায়ী করেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। জুম আলট্রা একদিনের সিরিজের প্রথম খেলায় অস্ট্রেলিয়ার কাছে ৬০ রানে হার মানে বাংলাদেশ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার খেলা শেষে এক সংবাদ সম্মেলনে সাকিব বলেন, "আমাদের ফিল্ডং খুবই খারাপ হয়েছে। গুরুত্বপূর্ণ সময় দু'টো ক্যাচ ছেড়েছি। এর দাম দিতে হয়েছে ম্যাচ হেরে। 'গ্রাউন্ড ফিল্ডিং'ও ভালো হয়নি। ২০/২৫ রান বেশি দিয়ে ফেলেছি।" বাংলাদেশের ধীর গতির ব্যাটিং দেখে বিস্মিত অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কও। তবে এতে বিস্ময়ের কিছু দেখছেন না সাকিব। বাংলাদেশ অধিনায়ক বলেন, "শুরুতে উইকেট হারানোয় আমাদের সাবধানে খেলতে হয়েছে। তামিম ও আমি যখন ব্যাট করছিলাম তখন পরিকল্পনা ছিল ৪০ ওভার এভাবেই ব্যাট করে যাওয়ার। পরেরটা পরে দেখবো। কিন্তু সেই দেখা আর হয়ে ওঠেনি।" বাংলাদেশ কি মাঠে নামার আগেই হেরে বসেছিল, নাকি তামিমের বিদায়ের পর হার নিশ্চিত হয়? এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, "শুরুর আগেই হেরে বসিনি। শুরুতে উইকেট পড়ে যাওয়ায় পরিকল্পনা কাজে লাগেনি। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, "এ পিচে ব্যাট করা খুব কঠিন। দ্বিতীয় ইনিংসে বল ঠিকমতো ব্যাটে আসছিল না। তবে শেষ দিকে আরেকটু আক্রমণাত্মক হওয়া যেত। ৫৮ ও ৭৮ রানে অল-আউট হওয়া ছাড়াও বিশ্বকাপে বাজে ব্যাটিংয়ের কারণে সবাই সতর্ক ছিল বলে এমনটা হতে পারে।" তবে টস জিতে ফিল্ডিং কেন নিলেন? এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, "ভালো দলের বিপক্ষে ২৫০ রান তাড়া করে জেতার একটা সম্ভাবনা আমাদের থাকে। তবে অস্ট্রেলিয়া ২০ রান বেশি করে ফেলে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১১৭ ঘ.