২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএলশ্বাসরুদ্ধকর ম্যাচে চেন্নাই সুপার কিংসের জয়

আইপিএলের চতুর্থ আসরের উদ্বোধনী খেলায় কলকাতা নাইট রাইডার্সকে ২ রানে হারিয়ে দারুণ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 02:26 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইপিএলের চতুর্থ আসরের উদ্বোধনী খেলায় কলকাতা নাইট রাইডার্সকে ২ রানে হারিয়ে দারুণ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর চতুর্থ আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীকান্ত অনিরুধের অর্ধশতকের সুবাদে ৪ উইকেটে ১৫৩ রান করে চেন্নাই সুপার কিংস। জয়ের জন্য ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জ্যাক ক্যালিসের অর্ধশতকের পরেও ৭ উইকেটে ১৫১ রানে থেমে যায় কলকাতার ইনিংস। জবাব দিতে নেমে টিম সাউদির করা শেষ ওভারে জয়ের জন্য ৯ রান প্রয়োজন ছিলো কলকাতা নাইট রাইডার্সের। হাতে ছিলো ৪ উইকেট। কিন্তু ওই ওভারে ৬ রানের বেশি করা সম্ভব হয়নি কলকাতার দলটির। নাইট রাইডার্সের হয়ে লড়েছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান মানভিনদর বিসালা ও জ্যাক ক্যালিস। ৮ ওভার ৫ বল স্থায়ী উদ্বোধনী জুটিতে উঠে ৬৪ রান। বিসালাকে (২৭) ফিরিয়ে দিয়ে এ জুটি ভাঙ্গেন সাদাব জাকাতি। দলীয় ১১২ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন ক্যালিস (৫৪)। তার বিদায়ের পরেই চাপে পড়ে যায় কলকাতার দলটি। তিনি তার ৪২ রানের ইনিংসটি সাজান ৭টি চার দিয়ে। এর পর মনোজ তিওয়ারী (২৭), ইয়ন মর্গান (৬), গৌতম গম্ভির (১) ও লক্ষি শুক্লা (১৪) দ্রুত বিদায় নিলে জেতার মতো অবস্থানে থেকেও হেরে যায় নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের পক্ষে টিম সাউদি, রবিচন্দ্রন অশ্বিন, সুরাজ রনদ্বিপ, সাদাব জাকাতি ও সুরেশ রায়না ১টি করে উইকেট নেন। নাইট রাইডার্সের দুই ব্যাটসম্যান ইউসুফ (১১) ও গম্ভির রান আউট হয়ে সাজঘরে ফিরেন। টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। প্রথম ওভারেই বিদায় নেন মুরালি বিজয় (৪)। দ্বিতীয় উইকেট জুটিতে প্রাথমিক ধাক্কা সামলানোর পাশাপাশি রান রেট বাড়ানোর কাজটাও করেন শ্রীকান্ত অনিরুধ ও সুরশ রায়না। ৯ ওভার ৩ বলে এ দুজন যোগ করেন ৭৫ রান। এতে অবশ্য নাইট রাইডার্সের ফিল্ডারদের অবদান কম নয়। গোটা চারেক ক্যাচ ছেড়ে সুপার কিংসের উপর চাপ বাড়ানোর সুযোগ হারান তারা। ইউসুফ পাঠান একাই ছাড়েন তিন ক্যাচ। দলীয় ৮০ রানে রায়না (৩৩) ফিরে গেলেও অবিচল ছিলেন অনিরুধ। তৃতীয় উইকেটে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৪৯ রানের জুটি গড়েন তিনি। ২১ বলে ১ চার ও ১ ছয়ের সাহায্যে ২৯ রান করে ধোনি বিদায় নিলে আবার একা হয়ে পড়েন অনিরুধ। চেন্নাই ইনিংসের শেষ ওভারে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে অর্ধশতক তোলে নেন অনিরুধ। আইপিএলের এবারের আসরে এটাই প্রথম অর্ধশতক। ৫৫ বলে ৬৪ রান করে তিনি। ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে এ রান করেন তিনি। শেষ পর্যন্ত আলবি মরকেল ১৫ ও স্কট স্টাইরিস ৫ রানে অপরাজিত ছিলেন। কলকাতা নাইট রাইডার্সের পক্ষে জ্যাক ক্যালিস ২ উইকেট নেন ৩৪ রান দিয়ে। তবে ওভার প্রতি রান খরচা তারই সবচেয়ে বেশি, ১১.৩৩। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৯ ঘ.