২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'দেশের মাটিতে বাংলাদেশ বিপদজনক'

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের জুম আলট্রা একদিনের সিরিজ সহজ হবে না বলে মনে করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের জুম আলট্রা একদিনের সিরিজ সহজ হবে না বলে মনে করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। শনিবারের ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে শুরু হচ্ছে মাইকেল ক্লার্ক যুগের। ওই ম্যাচকে সামনে রেখে শুক্রবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ক্লার্ক বলেন, "আমি ভালো শুরু চাই। ব্যাটসম্যানদের ব্যাটে রান আর বোলারদের কাছ থেকে দারুণ স্পেল।" কাজটা সহজ হবে বলে মনে করছেন না ক্লার্ক। বলেছেন, "বাংলাদেশ এমনিতেই ভালো দল। নিজেদের মাটিতে বাংলাদেশকে মোকাবেলা করা খুব কঠিন। সত্যিকারের বিপদজনক দল। বিরোধী দলকে চাপে ফেলার মতো বেশ কয়েকজন ভালো বোলার ও ব্যাটসম্যান তাদের রয়েছে।" বাংলাদেশ দেশের মাটিতে ভয়ঙ্কর দল হলেও সিরিজের ফলাফল নিয়ে কোনো সংশয় নেই ক্লার্কের। বলেছেন, "সম্ভাব্য রেজাল্ট নিশ্চয়ই ৩-০।" বাংলাদেশের ক্রিকেটের মতো তার প্রশংসা পেয়েছে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামও। আউটফিল্ড, উইকেট আর দর্শক সব কিছুরই প্রশংসা করেছেন তিনি। বিশ্বকাপে বাংলাদেশকে দেখেছেন ক্লার্ক। ওই দেখা থেকে করেছেন মূল্যায়নও। "বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। বিশ্বকাপে ধারাবাহিকতার একটু অভাব ছিলো। তবে কয়েকজন বিপদজনক ক্রিকেটার আছেন।" একমাত্র প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার স্পিনাররা সেভাবে কিছু করতে পারেন নি। বাংলাদেশের বিপক্ষে তারা কতটা কি করতে পারবে সে প্রশ্নের জবাবে ক্লার্ক দাঁড়িয়েছেন বোলারদের পাশে। "ওরা খুব ভালো মানের বোলার। উপমহাদেশের কন্ডিশনে খুব বেশি খেলেনি। তাছাড়া ফতুল্লার পিচ অনেক শ্লথ ছিলো। টার্নও খুব নিয়মিত ছিলো না।" বাংলাদেশের বিপক্ষে স্টিভেন স্মিথ ও জ্যাভিয়ার ডোহার্টি ছাড়াও ক্যামেরন হোয়াইট ও স্বয়ং ক্লার্ককেও বল হাতে দেখা যেতে পারে। "হোয়াইট প্রস্তুতি ম্যাচে দারুণ বল করেছেন। অলরাউন্ডার হিসেবে আরো পরিণত হয়ে উঠছেন।" সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের উপস্থিতিকে দেখছেন সহায়ক হিসেবে। তার ক্রিকেট জ্ঞান সফরে বেশ উপকারে আসবে বলে মনে করেন ক্লার্ক। তাছাড়া ফর্মে থাকা পন্টিং ব্যাট হাতে বেশ সফল হবেন বলেও তিনি মনে করেন। "ভারতের বিপক্ষে শেষ ম্যাচেও রিকি শতরান পেয়েছেন। উপরের সারির কেউ বড় ইনিংস খেললে বাকিদের জন্য কাজটা সহজ হয়ে যায়। এ সিরিজেও রিকি রান পাবেন বলে আশা করছি।" রিকি পন্টিংয়ের নেতৃত্ব অস্ট্রেলিয়া দুর্দান্ত ক্রিকেট খেলে এসেছে। ক্লার্কও টানতে চান তার ধারাবাহিকতা। তবে আপাতত সে সব নিয়ে ভাবছেন না। এখন তার ভাবনার পুরোটা জুড়ে আছে তিন ম্যাচের সিরিজ। "ভবিষ্যত নিয়ে এখনই ভাবছি না। আগে এই সিরিজ শেষ হোক। অস্ট্রেলিয়া ফেরার পর ভাবার অনেক সময় পাবো। সে সময় ভবিষ্যত পরিকল্পনা সাজিয়ে নেয়া যাবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৪১ ঘ.