২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাগতিকদের এগিয়ে রাখেলেন অনটং

বাংলাদেশ এ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা এ দলকে এগিয়ে রাখলেন জাস্টিন অনটং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2011, 04:55 PM

Updated : 24 Aug 2022, 02:50 PM

ঢাকা, এপ্রিল ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ এ দলের বিপক্ষে প্রথম আনঅফিসিয়াল টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকা এ দলকে এগিয়ে রাখলেন জাস্টিন অনটং। ছয় নম্বর ব্যাটসম্যান অনটংয়ের আক্রমণাত্মক ব্যাটিংয়ের সুবাদে পচেফস্ট্রমে ৮৩ ওভারে ৭ উইকেটে ৩০১ রান করে দক্ষিণ আফ্রিকা এ। জবাবে ব্যাট করতে নেমে ৪ ওভার ৫ বলে ১ উইকেটে ১২ রান করে সফরকারীরা। প্রথম দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৮৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ এ। টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান বাংলাদেশ এ দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সর্বোচ্চ ৯৩ রানের দারুণ ইনিংস খেলেন অনটং। এ রান করতে খেলেন ১০২ বল, মারেন ১৩টি চার। এর আগে রবিউল ইসলামে দারুণ বোলিংয়ে শুরুতেই দক্ষিণ আফ্রিকা এ'কে চেপে ধরে বাংলাদেশ এ। ৩৯ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান। পরে আশরাফুল ও কামরুল ইসলাম রাব্বিও একটি করে উইকেট নিলে ভালো চাপেই পড়ে স্বাগতিকরা। ৯৬ রানের মধ্যে বিদায় নেন দলের প্রথম চার ব্যাটসম্যান। পঞ্চম উইকেট জুটিতে অনটং ও ভ্যান জিল ১১৫ রান যোগ করে দলকে চাপ মুক্ত করে ভালো অবস্থানে নিয়ে আসেন। ৪৮ রান করা জিলকে ফিরিয়ে দিয়ে এ জুটি ভাঙ্গেন রাব্বি। তিনি তার ১০১ বলের সাবধানী ইনিসটি সাজান ৮টি চার দিয়ে। ষষ্ঠ উইকেটে অনটং ও হেইনো কুন ৫২ রানের জুটি গড়ে দলকে আরো বড় স্কোরের দিকে নিয়ে যান। দলীয় ২৬৩ রানে অনটংকে ফেরান নাসির হোসেন। শেষ পর্যন্ত কুন ৩৬ রানে ও কুইনটন ফ্রেন্ড ১৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে রবিউল ৩ উইকেট নেন ৫৬ রান দিয়ে। রাব্বি ২ উইকেট নেন ৪৩ রানে। নিজের প্রথম ইনিংসে ৫ ওভার ব্যাট করার সুযোগ পায় আশরাফুলের দল। সফরকারীদের শুরুটা সাবধানী হলেও খেলা শেষ হওয়ার আগের বলে শামসুর রহমান (৫) সাজঘরের পথ ধরলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ এ। এর পর দিনের খেলা শেষ হয়ে গেলে প্রথম দিন শেষে বাংলাদেশ এ দলের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ১২। ৩ রানে অপরাজিত রয়েছেন নাজিম উদ্দিন। দক্ষিণ আফ্রিকা এ দলের পক্ষে এথি ভালাতি ১ উইকেট নেন ২ রান দিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৫৩ ঘ.