ঢাকা, এপ্রিল ৪ (বিডিউিজ টোয়েন্টিফোর ডটকম)- একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বাংলাদেশের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন দলের কোচ জেমি সিডন্স।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজে অংশ নিতে সোমবার মাইকেল ক্লার্কের নেতৃত্বে দেশ ছাড়ে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দলকে খুব ভালো করে চেনা আছে সিডন্সের। "আমি তাদের খুব ভালো করে চিনি। তবে পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব খেলোয়াড়দের।"
সিডনি মর্নিং হেরাল্ডকে সিডন্স বলেছেন, "প্রত্যেক দল প্রতিপক্ষের অধিনায়ককে 'টার্গেট' করে। আমরাও ক্লার্কের জন্য অপেক্ষা করছি।"
"দলের মাথা কেটে ফেলতে পারলে বাকিটা এমনিতেই হবে যাবে। এ জন্য আমাদের মূলমন্ত্র অধিনায়ককে ফেরাও। ক্লার্ককে পেয়ে যাওয়ার মানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ও রিকি পন্টিংকে বিদায় করে দেয়া।"
এদিকে সিরিজে নিজ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সিডন্স। একা শুধু সাকিব নয় বাংলাদেশের বাঁহাতি স্পিনারদের বিপক্ষে অস্ট্রেলিয়াকে বেশ ভালো পরীক্ষা দিতে হবে বলেও মনে করেন তিনি।
নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে সাকিবের একটু তুলনা চলে আসছে। তাতে সাকিবকেই এগিয়ে রাখছেন সিডন্স।
"সাকিব বিশ্ব সেরা ক্রিকেটারদের একজন। আমার দেখা সেরা বাঁহাতি স্পিনার। ভেট্টোরির সঙ্গে তার ব্যবধান খুব কম। দুজনের 'লাইন ও লেন্থ' একই রকম হলেও সাকিব বল বেশি ঘুরাতে পারেন।"
সিরিজ শুরুর আগে ৭ এপ্রিল একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রথম খেলা ৯ এপ্রিল। একই মাঠে দ্বিতীয় ও তৃতীয় খেলাটি হবে যথাক্রমে ১১ ও ১৩ এপ্রিল। শেষেরটি হবে দিন-রাতের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০১০ ঘ.
bdnews24