ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছু দিনের জন্য বিশ্রাম নিতে চান পাকিস্তানের একদিনের ক্রিকেটের অধিনায়ক শহিদ আফ্রিদি। এজন্য পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরে তার দলে থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
একই সঙ্গে দলের সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেয়ারও আবেদন জানিয়েছেন তিনি।
১৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ক্যারিবীয় সফর সম্পর্কে পাকিস্তান অধিনায়ক বলেন, "ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলার বিষয়ে আমি এখনো সিদ্ধান্ত নেইনি।"
এই সফরে পাকিস্তান একটি টোয়েন্টি-টোয়েন্টি, পাঁচটি একদিনের ও দুটি টেস্ট ম্যাচ খেলবে।
২০১০ সালের এপ্রিলে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে খেলার মধ্যেই আছেন পাকিস্তানের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শ্রীলঙ্কায় এশিয়া কাপ শেষ করে জুলাইয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলে পাকিস্তান। ইংল্যান্ডে ত্রিদেশীয় এক দিনের সিরিজসহ (সিরিজের অন্য দল অস্ট্রেলিয়া) টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলে পাকিস্তান। তারপর আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ শেষ করেই ব্যাগ গুছিয়ে তারা রওয়া হয়েছে নিউজিল্যান্ডে।
সব শেষে উপমহাদেশে বিশ্বকাপের সেমিফাইনাল।
দীর্ঘ একটি বছর ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় কাটানো আফ্রিদি তাই বিশ্রামের কথা বলেই ফেললেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৬০৯ ঘ.
bdnews24