ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও 'এ' দলের প্রথম প্রস্তুতি খেলা হবে বুধবার রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
খেলা শুরু হবে সকাল ৯টায়।
দ্বিতীয় ও শেষ প্রস্তুতি খেলা হবে একই মাঠে ১ মার্চ।
বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান। আর 'এ' দলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ আশরাফুল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের একদিনের সিরিজকে সামনে রেখে মঙ্গলবার থেকে শের-ই-বাংলায় অনুশীলন শুরু করে জাতীয় দল। প্রথম দিনের অনুশীলনে কেবল জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান ও সহ-অধিনায়ক তামিম ইকবাল অনুপস্থিত ছিলেন।
সকাল ১০ টায় শের-ই-বাংলায় অনুশীলনের প্রথম পর্ব শুরু হয়। পবে দুপুর ২টা থেকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুশীলন করেন ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়া ৪ এপ্রিল বাংলাদেশে আসছে।
অন্যদিকে প্রায় একমাসের সফরে ৪ এপ্রিল আশরাফুলের নেতৃত্বে বাংলাদেশ 'এ' দল যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
সেখানে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে ২টি চার দিনের ও ৫টি একদিনের ম্যাচ খেলবেন আশরাফুলরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/২১৫৬ ঘ.
bdnews24