ঢাকা, মার্চ ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউজিল্যান্ড এতো অল্প পুঁজি নিয়েও দক্ষিণ আফ্রিকাকে যেভাবে চেপে ধরলো, তা এক কথায় অসাধারণ।
আমি যেমন ভেবেছিলাম, ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে- শেষ পর্যন্ত তাই হয়েছে। আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে শেষ পর্যন্ত অসহায় আত্মসমর্পণ করেছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। আরও একবার প্রমাণ হয়েছে, তারা 'চোকার'। চাপের মুখে এগিয়ে যাওয়ার ক্ষমতা তাদের নেই।
তবে এদিন শুরুতে একটু বেশিই আত্মবিশ্বাসী মনে হয়েছিল দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের। শেষ পর্যন্ত সেটাই তাদের কাল হয়েছে। একটু ধিরে-সুস্থে খেললে এ ম্যাচে জয় পাওয়া সম্ভব ছিল।
নিউজিল্যান্ড খুবই ভালোভাবে ফিরেছে বলতে হবে। বোলারদের কল্যাণেই তারা এ জয় পেয়েছে।
আর দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরাও নিজেদের কাজটা ঠিকভাবে করতে পারেননি। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মোটামুটি অল্প রানে বেঁধে ফেলে বোলাররা যে সুযোগটি এনে দিয়েছিলেন, তা কাজে লাগাতে পারেননি দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা।
অবশ্য ১৬ রানে দুই উইকেট হারিয়ে ইনিংসের শুরুতে নিউজিল্যান্ডও একটু চাপে পড়েছিল। তবে তৃতীয় উইকেট জুটিতে জেসি রাইডার ও রস টেলর ১১৪ রানের জুটি গড়ে দলকে মোটামুটি একটি ভিত্তি দেন।
রাইডার ৮৩ রানের অসাধারণ একটি ইনিংস খেলে বিপর্যয়ই শুধু ঠেকাননি, দুইশ রানের কোটা পার হতে দলকে দারুণ সাহায্য করেছেন। অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির ৩১ রান দলের স্কোরকে আরো একটু সমৃদ্ধ করেছে।
অবশ্য টেলর সেট হয়ে আউট হওয়ার পর সেটিকে আরো বড় স্কোরে পরিণত করা সম্ভব হয়নি নিউজিল্যান্ডের পক্ষে।
২২১ রানের পুঁজি নিয়েও শেষ পর্যন্ত নিউজিল্যান্ড যেভাবে জিতেছে- তা অসাধারণ। ভেট্টোরি নিয়ন্ত্রিত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরেছেন। আর দলের অন্য বোলাররা তার ফল পেয়েছেন। তাদের সম্মিলিত চেষ্টায় শেষ পর্যন্ত পেরে ওঠেনি দক্ষিণ আফ্রিকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/২৩১৩ ঘ.
bdnews24