ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতলে ব্যাটিং নেবেন বলে জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের তৃতীয় খেলা শুরু হবে শুক্রবার দুপুর আড়াইটায়।
টস জিতলে ব্যাটিং নেয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, "বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ভালো করেছিল। পাকিস্তানও টস জিতলে হয়তো প্রথমে ব্যাট করতো।"
শের-ই-বাংলার উইকেট নিয়ে বাড়তি ভাবনায় নেই নিউজিল্যান্ড অধিনায়ক। বলেন, "যদিও বিশ্বকাপের কোনো ম্যাচ আমরা এখানে খেলিনি। তবে আমরা গত ডিসেম্বরে এখানে খেলেছি। তাই উইকেট আমাদের পরিচিত। এখানে বল কিছুটা ধীর ও নিচু হয়ে যায়।"
কিছু দিন ধরে সময় ভালো যাচ্ছে না নিউজিল্যান্ডের। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভেট্টোরি বলেন, "মূল খেলোয়াড়রা দলে আসা-যাওয়ার মধ্যে থাকায় কিছু দিন আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তবে বিশ্বকাপ দলে তারা সবাই ফিরেছেন। এছাড়া পাকিস্তানকে হারিয়ে আমাদের আত্মবিশ্বাসও বেড়ে গেছে।"
"পাকিস্তানের বিপক্ষে আমরা বড় জুটি গড়ে তুলতে পেরেছিলাম। আমাদের বোলিং ও ফিল্ডিংও ভালো হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও আমরা এমন কিছু করতে চাই",বলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার অ্যালান ডোনাল্ড আপনাদের (নিউজিল্যান্ড) বোলিং কোচ হওয়ায় বাড়তি সুবিধা পাবেন কি না? এই প্রশ্নের জবাবে ভেট্টোরি বলেন, "অ্যালান আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছেন। অনেক নতুন কৌশল শিখিয়েছেন। কিভাবে উপমহাদেশে ভালো করা যায়, তাও বুঝিয়ে দিয়েছেন।"
বাংলাদেশের কাছে একদিনের সিরিজে ৪-০ ম্যাচে হার প্রসঙ্গে নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, "সিরিজটি ছিল সত্যিই হতাশার। তবে আমরা তা পেছনে ফেলে এসেছি। পাকিস্তানের বিপক্ষে শেষ ১০ ওভারে রস টেলর, জ্যাকব ওরাম ও স্কট স্টাইরিস ভালো খেলেছেন। আমরা দক্ষিণ আফ্রিকার সঙ্গেও ওই রকম খেলার চেষ্টা করবো।"
নিজের দল সম্পর্কে ভেট্টোরি বলেন, "আমাদের ব্যাটিং ও বোলিংয়ে কিছু সমস্যা রয়ে গেছে। আমরা ধীরে ধীরে তা কাটিয়ে উঠছি।"
নিজের খেলা সম্পর্কে তিনি বলেন, "আমার নিজের 'ফর্ম' ভালো যাচ্ছে না। উপমাহদেশে আমার বোলিংটা ভালোই হয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো বল করার চেষ্টা করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭১৬ ঘ.
bdnews24