২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অলক কাপালীর কলাম ভারতই এগিয়ে থাকবে

নেদারল্যান্ডসের বিপক্ষে নির্দ্বিধায় ভারতকে এগিয়ে রাখবো আমি। ভারতের সঙ্গে কুলিয়ে ওঠার সামর্থ্য নেই নেদারল্যান্ডসের। খুব একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে তারা- এমনও মনে হয় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2011, 03:51 AM

Updated : 24 Aug 2022, 02:40 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেদারল্যান্ডসের বিপক্ষে নির্দ্বিধায় ভারতকে এগিয়ে রাখবো আমি। ভারতের সঙ্গে কুলিয়ে ওঠার সামর্থ্য নেই নেদারল্যান্ডসের। খুব একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে তারা- এমনও মনে হয় না। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের এ খেলায় ভারত অনায়াসেই জয় তুলে নেবে। সে যোগ্যতা তাদের আছেও। ভারত যদি আগে ব্যাট করে, তাহলে যে কোনো প্রতিপক্ষের জন্যই বিপদ। দলটির ব্যাটিং লাইনের দিকে তাকিয়ে দেখুন, অসাধারণ কিছু ব্যাটসম্যান দলটিতে আছেন। উদ্বোধনীতে যদি বীরেন্দর শেবাগ অথবা শচীন টেন্ডুলকারের মধ্যে যে কেউ দাঁড়িয়ে যান, তাহলে বোলারদের দিনটাই খারাপ যাবে। এর পরে হরভজন সিং পর্যন্ত ভালো ব্যাট করার ক্ষমতা রাখেন। তাদের রুখতে হলে প্রয়োজন উঁচুমানের বোলিং লাইন। আমার মনে হয় না, নেদারল্যান্ডসের সে মানের বোলার আছেন। নেদারল্যান্ডস আগে ব্যাট করলে খুব একটা সুবিধা করতে পারবে মনে হচ্ছে না। কারণ ভারতের স্পিন আক্রমণ খুবই শক্তিশালী। হরভজন সিংয়ের পাশাপাশি ইউসুফ পাঠান, যুবরাজ সিং, সুরেশ রায়নারাও ভালো করে থাকেন। আগের ম্যাচে যুবরাজ সিং ৫ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের জন্য সতর্কবার্তা দিয়েছেন। ভারতের পেস আক্রমণ একটু দুর্বল হলেও জহির খান গত কয়েকটি ম্যাচে খুব একটা খারাপ করছেন না। ইংল্যান্ডের বিপক্ষে তো অসাধারণ বোলিং করে ভারতকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন। তবে এ খেলায় ভারত মূল একাদশের বাইরে দু'একজনকে নামিয়ে পরীক্ষা করতে পারে। তা হতে পারে বোলিংয়ে রবীচন্দ্রন অশ্বিন ও আশিষ নেহরা। তারপরও গত কয়েকটি খেলার পারফরম্যান্সের বিচারে নেদারল্যান্ডসের পক্ষে সম্ভব হবে না ভারতের ভিতে নাড়া দেওয়া। সব কিছুর বিচারে ভারত সহজেই জয় তুলে নেবে বলে আমার বিশ্বাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/০৯৪০ ঘ.