হতাশাজনক ব্যাটিংই পাকিস্তানের এ হারের মূল কারণ। নিউজিল্যান্ড টার্গেট দিয়েছে, তা চেজ করা অসম্ভব কিছু না। কিন্তু ব্যাটসম্যানরা তাড়াহুড়ো করতে গিয়েই দলের বিপর্যয় ডেকে এনেছেন।
তাছাড়া নিউজিল্যান্ড বোলাররা যে বিধ্বংসী বল করেছেন তাও বলা যাবে না। আসলে পাকিস্তান ব্যাটসম্যানরাই বেশিরভাগ ক্ষেত্রে উইকেটগুলো ছুড়ে এসেছেন। একটু ধিরে সুস্থে ব্যাট করলেই লক্ষ্যে পৌঁছানো যেত। তা একেবারেই অসম্ভব কিছু ছিল না।
আব্দুল রাজ্জাকের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংই তা বলে দেয়। উমর গুলকে সঙ্গে নিয়ে অষ্টম উইকেট জুটিতে ৬৬ রান যোগ করে বুঝিয়ে দিয়েছেন পিচটাও একেবারে বোলারদের অনূকুলে ছিল না। রাজ্জাক নিজেই খেলেছেন ৬২ রানের সুন্দর একটা ইনিংস।
টিম সুথি ও কাইল মিলস শুরুতে যে ধাক্কাটা দিয়েছেন পরে আর সামলে উঠতে পারেনি পাকিস্তান। যার রেশ তাদের তাদের পুরো ইনিংসেই ছিল।
তবে নিউজিল্যান্ড ব্যাটসম্যান রস টেলর বিশেষ প্রশংসা পেতেই পারেন। তার অসাধারণ শতকের কল্যাণে নিউজিল্যান্ড যে বড় স্কোর গড়েছে তা পাকিস্তানের জন্য একটা চাপ হয়ে দাঁড়ায়।
পাকিস্তানের বোলিং খুব বেশি যে খারাপ হয়েছে তা বলা যাবে না। ৪৬ ওভার পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ছিল ২১০ রান। বাকি চার ওভারেই তারা ঝড়ো ব্যাটিং করে একটা শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন দলকে।
রস টেলর সেখানে মূল ভূমিকা রেখেছেন। একপাশে তিনি দাঁড়িয়ে থেকে অন্য প্রান্তের ব্যাটসম্যানদের কাজটা সহজ করে দিয়েছেন। তাই নিউজিল্যান্ডের ইনিংস তিনশ পেরিয়েছে।
এ চাপের কারণেই শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে পাকিস্তান উইকেটগুলো হারায়।
সব মিলিয়ে বলা যায়, আগের তিন ম্যাচে পাকিস্তান যে ক্রিকেট খেলেছে এদিন ছিটেফোঁটাও পারেনি। তাই জয়টাও আসেনি। তাছাড়া পাক স্পিনাররা এদিন খুব একটা সুবিধা করতে পারেননি। গত তিন ম্যাচে অসাধারণ বোলিং করা শহিদ আফ্রিদী এদিন ধারাবাহিকতা বজায় রাখতে পারেননি।
সবমিলিয়ে দিনটা পাকিস্তানের বিপক্ষে গেছে। ব্যাটিং ও বোলিং দুক্ষেত্রেই তারা হতাশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/পিডি/২৩১১ ঘ.
bdnews24