ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের খেলাকে কেন্দ্র করে উৎসব চলছে মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দুই দলের খেলোয়াড়রা ইতোমধ্যে মাঠে এসেছেন। দর্শকদের ঢোকাও শুরু হয়েছে।
বি গ্র"পের খেলায় শুক্রবার বেলা আড়াইটায় মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। নিজেদের আগের দুই খেলায় দুই দলই একটিতে জয় পেয়েছে। কোয়ার্টার ফাইনালে ওঠার জন্য তাই দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ এ খেলা।
সকাল ১১টায় গ্যালারি খুলে দেওয়া হয়। খেলোয়াড়রা মাঠে আসেন দুপুর সোয়া ১২টার সময়।
খেলা আড়াইটায় হলেও সকাল থেকেই জনারণ্য ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতাসম্পন্ন মিরপুর স্টেডিয়াম এলাকা। মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে ১ নম্বরের সনি সিনেমা হল পর্যন্ত সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
বাংলাদেশের পতাকা আর রঙ-বেরঙের ফেস্টুন নিয়ে গ্যালারি মাতাতে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা স্টেডিয়াম এলাকায় হাজির সকাল থেকেই। দর্শকের বিশাল সমর্থনই যে বাংলাদেশ ক্রিকেট দলের প্রাণশক্তি তা দলের অধিনায়ক সাকিব আল হাসান থেকে শুরু করে ক্রিকেটবোদ্ধারাও বলছেন।
১১টায় স্টেডিয়ামের ফটকগুলো খুলে দেওয়ার পর সারি বেঁধে দর্শকদের ঢোকা শুরু হয়। কয়েক দফা তল্লাশির পরই একেকজন স্টেডিয়ামে ঢুকতে পারছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এমআই/১২৪০ ঘ.
bdnews24