২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গত বিশ্বকাপের প্রতিশোধ

পেন্ডুলামের মতো দুলতে দুলতে শেষ পর্যন্ত জয় ধরা দিল বাংলাদেশের কাছে। শফিউল ইসলামের মারাত্মক বোলিংয়ের ওপর ভর করে আয়ারল্যান্ডকে হারিয়েছে ২৭ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2011, 12:56 PM

Updated : 24 Aug 2022, 02:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পেন্ডুলামের মতো দুলতে দুলতে শেষ পর্যন্ত জয় ধরা দিল বাংলাদেশের কাছে। শফিউল ইসলামের মারাত্মক বোলিংয়ের ওপর ভর করে আয়ারল্যান্ডকে হারিয়েছে ২৭ রানে। ২০০৭ সালের বিশ্বকাপের 'সুপার এইট' পর্বে এই আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশ হার মেনেছিল ৭৪ রানে। এবার সেই হারেরই বদলা নিল রাজধানীর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকাপ ক্রিকেটের নবম খেলায় শুক্রবার জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে আয়ারল্যান্ডের পালা ৪৫ ওভারে ১৭৮ রানে থেমে যায়। টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯ ওভার ২ বলে ২০৫ রান করে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। ৩৬ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক উইলিয়াম পর্টারফিল্ড (২০) ও পল স্টার্লিং (৯)। তৃতীয় উইকেট জুটিতে এড জয়েস ও নিল ও'ব্রায়ান ৩৯ রান তুলে খেলায় ফিরিয়ে আনেন আয়ারল্যান্ডকে। কিন্তু ৭৫ থেকে ১১০, এই ৩৫ রানের মধ্যে জয়েস ১৬, অ্যান্ড্রু হোয়াইট ১০ ও নিল ও'ব্রায়ান ৩৮ রান করে বিদায় নিলে জয়ের সুবাস পেতে থাকে বাংলাদেশ। ষষ্ঠ উইকেট জুটিতে কেভিন ও'ব্রায়ান ও আন্দ্রে বোথা দলের সঙ্গে ৪১ রান যোগ করলে আবারো খেলায় ফিরে আসে আয়ারল্যান্ড। ১৫১ রানের মাথায় কেভিনের (৩৭) ফিরে যাওয়ার পর শেষ চার ব্যাটসম্যান জন মুনি (০), আন্দ্রে বোথা (২২), ট্রেন্ট জনস্টন (৬) ও বয়েড র‌্যানকিন (৩) সাজঘরে ফিরে যান ২৭ রানের মধ্যে। শেষ পর্যন্ত ৪ রানে অপরাজিত থাকেন জর্জ ডকরেল। বাংলাদেশের বোলারদের মধ্যে শফিউল ইসলাম ৪ উইকেট নেন ২১ রানে। বাংলাদেশের বোলারদের মধ্যে বিশ্বকাপে এর চেয়ে ভালো বল আর কোনো বোলার করেননি। এছাড়া ২টি করে উইকেট নেন অধিনায়ক সাকিব আল হাসান ও মোহাম্মদ আশরাফুল। এ জন্য সাকিব দেন ২৮ রান। আশরাফুল ৪২। এর আগে ব্যাট করতে নেমেই ঝড়ের গতিতে রান তুলতে থাকেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েস। মাত্র ৬ ওভার ৫ বলে ৫৩ রানের চমৎকার একটা ভিত্তি গড়ে দেন তারা। কিন্তু ইমরুল কায়েসের (১২ বলে ১২ রান) বিদায়ের পর দলীয় ৮৬ রানের মধ্যে আরো তিন ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী (৩), তামিম ইকবাল (৪৪) ও অধিনায়ক সাকিব আল হাসান (১৬) সাজঘরে ফিরে গেলে খাদে পড়ে যায় বাংলাদেশ। সেই সঙ্গে কমে যায় রান তোলার গতি। এ অবস্থায় দলের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম ও রকিবুল হাসান। পঞ্চম উইকেট জুটিতে তারা ৬১ রান তুলে দলকে খাদ থেকে টেনে তোলার যখন ইঙ্গিত দিচ্ছিলেন তখনই উইকেট বিলিয়ে দেন মুশফিক। দলীয় ১৪৭ রানের মাথায় জর্জ ডকরেলের বলে স্পিনের বিপরীতে সুইপ করেন মুশফিক। কিন্তু ঠিকমতো খেলতে পারেননি। ব্যাটের উপড়ের দিকে লেগে বল উঠে যায় আকাশে। জমা পড়ে অ্যান্ড্রু হোয়াইটের হাতে। ৬৬ বলে ৩৬ রান করেন তিনি। চার মারেন দু'টি। আবারো ১৫১ থেকে ১৭০, এই ১৯ রানের মধ্যে আশরাফুল (১), রকিবুল হাসান (৩৮) ও শফিউল (২) বিদায় নিলে বাংলাদেশের রান ২০০ পেরুবে কি না, তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু আব্দুর রাজ্জাক ১১ ও শেষ ব্যাটসম্যান হিসেবে নাঈম ইসলাম জনস্টনের বলে ডকরেলের হাতে ধরা পড়ার আগে ২৯ রান করলে বাংলাদেশের রান ২০০ ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত ২ রানে অপরাজিত থাকেন রুবেল হোসেন। আয়ারল্যান্ডের বোলারদের মধ্যে আন্দ্রে বোথা ৩ উইকেট নেন ৩২ রানে। এছাড়া ২টি করে উইকেট নেন ডকরেল ও জনস্টন। এ জন্য ডকরেল দেন ২৩ রান। জনস্টন দেন ৪০। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন তামিম ইকবাল। এর আগে বাংলাদেশ ও আয়ারল্যান্ড একদিনের আন্তর্জাতিক খেলায় মুখোমুখি হয় ছয়বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে চারবার। আয়ারল্যান্ড দু'বার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২৪০ ঘ.