২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়

জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় এটি তাদের টানা ৩০তম জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফ্রেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় এটি তাদের টানা ৩০তম জয়। আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে প্রতিযোগিতার চতুর্থ খেলায় সোমবার ২৬৩ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে জিম্বাবুয়ের পালা গুটিয়ে যায় ৪৬ ওভার ২ বলে ১৭১ রানে। প্রথমে ব্যাট করে মাইকেল ক্লার্ক ও শেন ওয়াটসনের অর্ধ-শতকের সুবাদে ৬ উইকেটে ২৬২ রান করে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ব্যাট হাত মাঠে নামার পরপরই জিম্বাবুয়েকে চেপে ধরেন অস্ট্রেলিয়ার বোলাররা। ৪৪ রানের মধ্যে চার ব্যাটসম্যান সাজঘরে ফিরে গেলে পথ হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। এরপর আর পথে ফেরা হয়ে ওঠেনি। দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৭ রান করেন গ্রায়েম ক্রিমার। এছাড়া শন উইলিয়মস ২৮ ও প্রসপার উৎসেয়া ২৪ রান করেন। দলের আর কোনো ব্যাটসম্যান ২০-এর ঘরে যেতে পারেননি। শেষ পর্যন্ত রে প্রাইস ৫ রানে অপরাজিত ছিলেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে মিচেল জনসন ৪ উইকেট নেন ১৯ রানে। দু'টি করে উইকেট নেন জেসন ক্রেজা ও শন টেইট। এ জন্য ক্রেজার খরচ হয় ২৮ রান। টেইট দেন ৩৪। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। কিন্তু ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের বোলারদের আঁট-সাঁট বোলিংয়ের মুখে সুবিধা করতে পারেননি প্রথমদিকের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ওভার প্রতি রান তোলার হার ৫ ছাড়িয়ে গেলেও প্রথমদিকে এই হার ছিল প্রায় ৩। এক পর্যায়ে তা নেমে আসে ২.৫-এ। খেলার মাঝামাঝি সময় এই হার ৪ ছাড়িয়ে যায়। ক্লার্ক ৫৫ বলে ৫৮, ডেভিড হাসি ৮ বলে ১৪, স্টিভ স্মিথ ৪ বলে ১১ ও জনসন ৩ বলে অপরাজিত ৭ করলে অস্ট্রেলিয়ার রান আড়াই শ' ছাড়িয়ে যায়। ক্লার্ক তার হার না মানা ৫৮ রানের ইনিংসটি সাজান চারটি চার দিয়ে। এর আগে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াটসন ও ব্র্যাড হ্যাডিন ৬১ রানে শক্ত ভিত্তি গড়ে দিলেও খেলেন ১৮ ওভার ৫ বল। উৎসেয়ার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ার আগে ২৯ রান করেন হ্যাডিন। তার ৬৬ বলের ইনিংসে চার রয়েছে তিনটি। তবে ওয়াটসন হ্যাডিনের চেয়ে অনেক আক্রমণাত্মক ব্যাটিং করেন। ৯২ বলে ৭৯ রান করে ক্রিমারের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। তখন দলের রান ছিল ১৪০। দলের সঙ্গে আর ৪ রান যোগ হতেই রান-আউট হয়ে বিদায় নেন পন্টিং। এছাড়া দলীয় ২০৭ রানের মাথায় ক্রিস এমপফুর বলে বোল্ড হওয়ার আগে ক্যামেরন হোয়াইট করেন ২২। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে এমপফু দুই উইকেট নেন ৫৮ রানে। এছাড়া একটি করে উইকেট নেন ক্রিমার, উৎসেয়া ও প্রাইস। এ জন্য ক্রিমার দেন ৪১ রান। উৎসেয়া ও প্রাইস, দু'জনই দেন ৪৩ করে। ২০০৩ সালের বিশ্বকাপে ১১টি খেলার একটিতেও হারেনি অস্ট্রেলিয়া। ২০০৭ সালে ১১টি খেলার সবগুলোতে জেতে তারা। ১৯৯৯ সালে শেষ সাত খেলায় জেতে দলটি। সর্বশেষ তারা ১০ রানে হার মেনেছিল পাকিস্তানের কাছে ওই ১৯৯৯ সালের বিশ্বকাপে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২২৯ ঘ.