২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ আয়োজনে ব্যয়ের হিসাব চেয়েছে বিএনপি

বিশ্বকাপ ক্রিকেট আয়োজনে ব্যয়ের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2011, 08:05 AM

Updated : 24 Aug 2022, 02:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট আয়োজনে ব্যয়ের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় শনিবার ঢাকায় এক আলোচনা সভায় বলেন, "এ আয়োজনে সাড়ে ৩০০ কোটি টাকা খরচ করা হয়েছে। কোথায় কী পরিমাণ অর্থ ব্যয় হয়েছে, স্বচ্ছতার স্বার্থে তা জনসমক্ষে প্রকাশ করা উচিৎ। আমরা সে অপেক্ষায় আছি।" গত বৃহস্পতিবার ঢাকায় দশম বিশ্বকাপ ক্রিকেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। শনিবার দুপুরে প্রথম খেলায় মাঠে নামছে ভারত ও বাংলাদেশ। একই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, "আমরা আশা করি, আজকের উদ্বোধনী খেলায় বাংলাদেশ জয়ী হবে।" জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে ওই আলোচনা সভার শিরোনাম 'সংবাদপত্রের স্বাধীনতা ও মাহমুদুর রহমান: বর্তমান প্রেক্ষাপট' হলেও তাতে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসরটিও আলোচনায় উঠে আসে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের সংস্কৃতি সঠিকভাবে উপস্থাপিত হয়নি দাবি করে গয়েশ্বর বলেন, "কোনো কিছুই পরিকল্পিতভাবে হয়নি। এ আয়োজনে দীর্ঘ সময় বাংলাদেশ পেয়েছিলো। আমাদের সংস্কৃতি, কৃষ্টি ইত্যাদি বিষয়গুলো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থাপন করা হয়নি।" "এক্ষেত্রে সরকার ও আয়োজকরা দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠতে পারেনি। তা আমন্ত্রণ হোক অথবা সাজ-সজ্জা- উভয় ক্ষেত্রেই। সাজ-সজ্জায়ও রুচিবোধের অভাব ছিলো", বলেন তিনি। আয়োজনের হিসাব দাবি করে গয়েশ্বর বলেন, "সরকার নির্বাচনের আগে অঙ্গীকার করেছিলো, তারা ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের সম্পদের হিসাব প্রকাশ করবে। কিন্তু তা তারা করেনি।" সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, "ভাষা আন্দোলন, আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি, একাত্তরের মুক্তিযুদ্ধ, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শান্তিতে নোবেল বিজয়, বাংলাদেশি স্থপতি এফআর খানের নিউইয়র্কে উঁচু টাওয়ার নির্মাণ প্রভৃতি অর্জনের ইতিহাস আমাদের রয়েছে। আমরা জিততে পারি। আজ এবং আগামীতেও জিতবো।" দেশে স্বাধীনভাবে মত ক্ষেত্রে সরকার বাধা সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪০০ ঘ.