২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ক্রিকেটে দুর্নীতি সহ্য করা হবে না'

ঢাকায় বিশ্বকাপের খেলা শুরুর ঠিক আগে ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করার আগের ঘোষণারই পুনরাবৃত্তি করলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লোরগাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2011, 09:06 AM

Updated : 24 Aug 2022, 02:32 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বিশ্বকাপের খেলা শুরুর ঠিক আগে ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করার আগের ঘোষণারই পুনরাবৃত্তি করলেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লোরগাত। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা দুর্নীতি কোনোমতেই সহ্য করবো না।" পাকিস্তানি টেলিভিশন 'চ্যানেল ফাইভে' বিশ্লেষক ম্যাচ গড়পেটার অভিযোগে নিষিদ্ধ ক্রিকেটার সালমান বাটকে নিয়োগ করার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে লোরগাত একথা বলেন। ম্যাচ গড়পেটায় জড়িত থাকার প্রমাণ মেলায় এ মাসের শুরুর দিকে বাটকে কমপক্ষে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি দুর্নীতি দমন ট্রাইব্যুনাল। বাটের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও প্রতারণার অভিযোগও এনেছে লন্ডন পুলিশ। আগামী ১৭ মার্চ সে দেশের আদালতে তাকে তলব করা হয়েছে। স্থানীয় ক্রিকেটে তার দল এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডও বাটের সঙ্গে চুক্তি বাতিল করেছে। তবে নিজের বিরুদ্ধে এসব অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। এছাড়া পাকিস্তানের আরো দুই ক্রিকেটার মোহাম্মদ আসিফকে সাত বছরের জন্য এবং মোহাম্মদ আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। লোরগাত বলেন, "দুর্নীতি দমনের কাজে আইসিসি নিজের ক্ষমতা বাড়িয়েছে। পর্যবেক্ষণের জন্য আমরা অভ্যন্তরীণ ও স্বাধীন কমিটি গঠন করেছি।" ঢাকায় দশম বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লোরগাত বলেন, "এত বর্ণিল, এত আকর্ষণীয় ছিলো এটা!" সংক্ষিপ্ত সময়ের টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট নিয়েও বেশ কিছু প্রশ্নের মুখে পড়েন আইসিসির প্রধান নির্বাহী। এটি অর্থ তৈরির আরেকটি অস্ত্র হয়ে উঠেছে কি না- এ প্রশ্নে লোরগাত বলেন, "ক্রিকেটকে সবর্ত্র ছড়িয়ে দেওয়ার জন্য এটাই সর্বোত্তম উপায়।" ২০-৩০ বছর আগে ক্রিকেট নিয়ে এত উন্মাদনা ছিলো না জানিয়ে তিনি বলেন, "ক্রিকেটে যেসব আর্থিক সহায়তা পাওয়া যায়, তা দিয়ে আমাদের আরো উজ্জ্বল হয়ে উঠতে হবে।" সা