ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার একুশে গ্রন্থমেলায় ভিড় ছিল তুলনামূলকভাবে কম। যারা মেলায় এসেছিলেন, বিশ্বকাপ নিয়ে উচ্ছ্বাসে মেতে ছিলেন তারাও।
বইপ্রেমী দর্শনার্থী, পাঠক, লেখক, প্রকাশক- বাংলাদেশ দলের জন্য শুভকামনা ঝরেছে সবার কণ্ঠে।
বিকেলে মেলার প্রবেশমুখেই কয়েকজন যুবককে বাংলাদেশ দলের জার্সি আর মাথায় পড়ার লাল-সবুজ ব্যান্ড বিক্রি করতে দেখা গেলো। কথা বলে জানা গেলো, তারা সবাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়েন। বিশ্বকাপের উচ্ছ্বাস বইপ্রেমীদের মাঝে ছড়িয়ে দিতে 'সখের বশে' এসব বিক্রি করছেন তারা।
মেলা প্রাঙ্গণের কাছেই সোহরাওয়ার্দী উদ্যানের গেটে দেখা গেল বাংলাদেশের জাতীয় পতাকা বিক্রি করছেন একজন। মেলার বিভিন্ন স্টলের বিক্রেতা আর বইপ্রেমী অনেক দর্শনার্থীর গায়েও দেখা গেল বাংলাদেশ ক্রিকেট দলের লাল-সবুজ জার্সি।
রনি নামের এক ক্রিকেটপ্রেমী মেলার মাঠে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, 'বাংলাদেশই বিশ্বকাপ জিতবে'। এই শুভকামনায় শরিক হলেন পাশে দাঁড়ানো অন্যরাও।
মেলায় আসা শিশুদের মধ্যেও দেখা গেল ক্রিকেট-উন্মাদনা। বাংলাদেশ দলের জার্সি পরে মেলায় আসা অনেক শিশু-কিশোরই মেলা প্রাঙ্গণের রংতুলির শিল্পীদের দিয়ে গালে আঁকিয়ে নেয় বাংলাদেশের পতাকা, ক্রিকেট বল আর শহীদ মিনার।
ল্যাবরেটরি স্কুলের ছাত্র আবরার রহমান আরিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললে, "ক্রিকেট আমার ভালো লাগে। তাই মেলায় বাংলাদেশ দলের জার্সি পরে এসেছি। আমি সাকিব আল হাসানের খেলা অনেক পছন্দ করি।"
দর্শনার্থী কম হওয়ার বৃহস্পতিবার বই বিক্রিও হয়েছে অন্যদিনের তুলনায় কম।
সময় প্রকাশনের বিক্রেতা ইউসুফ বলেন, "বিশ্বকাপের কারণে মেলায় আজ লোক কম হয়েছে। তাই বিক্রিও কম।"
"স্টলের দায়িত্বে না থাকলে আমিও আজ মেলায় আসতাম না," যোগ করেন তিনি।
ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ছড়াকার দিলদার হোসেনের ছড়ার বই 'বিশ্বকাপ, বাপরে বাপ' এবারের মেলায় এসেছে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পাঠকদের বিশ্বকাপের আনন্দ দিতে আমি এই ছড়ার বইটি প্রকাশ করেছি। তাদের কাছ থেকে সাড়াও পেয়েছি ভালো।"
সপ্তদশ দিনে বইমেলায় আরো ৫৩টি নতুন বই এসেছে। আর নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন করা হয়েছে চারটি নতুন বইয়ের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২১৩০ ঘ.
bdnews24