চট্টগ্রম, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে যখন দশম বিশ্বকাপের ঝলমলে উদ্বোধনী অনুষ্ঠান চলছে, বন্দর নগরী চট্টগ্রামের আকাশও তখন নানা রঙ্গের আতশবাজিতে বর্ণিল।
বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই নিয়মিত বিরতিতে একে একে ফুটতে থাকে নানা রঙের বাজি। রঙিন হয়ে ওঠে নগরীর আকাশ।
চট্টগ্রামে আতশবাজির এই খেলা চলে বিশ্বকাপ ভেন্যু এম এ আজিজ স্টেডিয়াম থেকে। নানা বর্ণের আলোকচ্ছটা দেখতে স্টেডিয়াম সংলগ্ন এলাকার বাসিন্দারা উঠে আসেন বাড়ির ছাদে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষের মনে দোলা দিয়ে যায় ক্রিকেটের এই বৃহত্তম উৎসব।
বাজির খেলা শুরু হওয়ার পরপরই এম এ আজিজ স্টেডিয়াম প্রাঙ্গণে জড়ো হন শ' পাাঁচেক মানুষ । কেউ কেউ ক্যামেরা এবং মোবাইল ফোনে আতশবাজির ছবিও তোলেন।
রাতের আকাশে রঙের খেলা দেখতে স্টেডিয়ামে আসা ইস্টার্ন রিফাইনারির কর্মী সাখাওয়াত হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এতক্ষণ টেলিভিশনে উদ্বোধনী অনুষ্ঠান দেখেছি। এরপর এখানে এলাম। বিশ্বকাপরে মতো বড় আসরে চট্টগ্রামও অংশীদার, খুব ভালো লাগছে।"
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও চট্টগ্রামের ভেন্যু চেয়ারম্যান সিরাজুদ্দিন মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিসিবির পরিকল্পনা অনুসারে বিশ্বকাপের উদ্বোধনী উপলক্ষে দেশের ৬৪ জেলাতেই আতশবাজি পোড়ানো হবে। এর অংশ হিসেবেই চট্টগ্রামে এই আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠানের মতো বাংলাদেশের পুরো বিশ্বকাপ আয়োজনও সফল হবে বলে আশা প্রকাশ করেন সিরাজুদ্দিন আলমগীর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/জেকে/২২২৬ ঘ.
bdnews24