ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্ধারিত সময়ের পরে পৌঁছানোর অভিযোগে আটকে থাকা সাংবাদিক-দর্শকদের একটি অংশ প্রধানমন্ত্রীর আধঘণ্টা পর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢুকতে পেরেছেন।
স্টেডিয়ামের ১ নম্বর গেটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (এসি-অপারেশন) রশিদুর ইমলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে বিকাল ৫টার পরে আসা দর্শকদের ৬টা ২০ মিনিট পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি। তবে এরপর ঢুকতে দেওয়া হয়েছে।"
পরে স্টেডিয়ামে ঢোকা মোহাম্মদপুরের মিলন মাহমুদ টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ৫টার আগে এসে ঢুকতে পারিনি। তবে প্রধানমন্ত্রী স্টেডিয়ামে পৌঁছার কিছুক্ষণ পর আমাদের ঢুকতে দিয়েছে।
"কিন্তু তারপরও অনেক মানুষ ঢুকতে না পেরে ফিরে গেছেন।"
বিকেলে নির্ধারিত সময়ের পরে পৌঁছানোর অভিযোগে সাংবাদিকসহ কয়েকশ দর্শককে বঙ্গবন্ধু স্টেডিয়ামের এক নম্বর গেটে আটকে দেওয়া হয়।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের টিকেটসহ ওই সাংবাদিক-দর্শকরা স্টেডিয়ামের এক নম্বর গেটে অপেক্ষমাণ ছিলেন।
অপেক্ষমাণ দর্শকরা বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে জানান, বৃহস্পতিবার তারা নির্ধারিত সময়ের (বিকাল ৫টা) আগেই লাইনে দাঁড়িয়েছিলেন।
তবে প্রধানমন্ত্রী আসার কথা বলে বিকেল পাঁচটার পর থেকে কাউকে স্টেডিয়ামের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৫টার পর ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এক্ষেত্রে পুলিশের কিছু করণীয় নেই। গেট তারাই আটকে দিয়েছে।
"পুলিশ শুধু নিরাপত্তার বিষয়টি দেখছে।"
গুলিস্তানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় আসর।
বিকেল পৌনে ৬টার দিকে সেখানে অপেক্ষমাণ মগবাজারের বাসিন্দা আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি হেঁটে মগবাজার থেকে স্টেডিয়ামে এসেছি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে স্টেডিয়ামের গেটে এসে শুনছি- ভেতরে ঢুকতে দেওয়া হবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এলএইচ/পিডি/১৯৩৮ ঘ.
bdnews24