২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বাংলাদেশ এখন সমীহ জাগানো শক্তি'

জাতীয় দলের সহঅধিনায়ক তামিম ইকবাল আর্ন্তজাতিক ক্রিকেটে বাংলাদেশকে এখন সমীহ জাগানো শক্তি হিসেবে অভিহিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 01:14 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলের সহঅধিনায়ক তামিম ইকবাল আর্ন্তজাতিক ক্রিকেটে বাংলাদেশকে এখন সমীহ জাগানো শক্তি হিসেবে অভিহিত করেছেন। বাংলাদেশের বাঁহাতি বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান তামিম বুধবার বলেছেন, "গত তিন বছর ধরে আমরা উঁচু মানের ক্রিকেট খেলছি। যে কোন দল আমাদের মোকাবেলা করার আগে এখন দুবার ভাবে।" রাজধানীর শেরাটন হোটেলে সাংবাদিকদের সঙ্গে চার ক্রিকেটারের উন্মুক্ত আলোচনায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজ্জাক ও মাহমুদুল্লাহ রিয়াদ। গত বিশ্বকাপে ভারত বধের অন্যতম কারিগর তামিম এবারো ভারতের জন্য প্রস্তুত। বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে চাপ টের পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে, ওই চাপ কাটানোর সামর্থ্য তাদের আছে বলে দাবি করেন তামিম। তামিম বলেন, "গত বিশ্বকাপের পুনরাবৃত্তি সম্ভব। তবে সে জন্য নিজেদের সেরাটা ঢেলে দিতে হবে। নিজেদের দিনে বাংলাদেশ যে কোন দলকে হারাতে সক্ষম। ৫/৬ জন ব্যাটসম্যান রান পেলে যে কোন ম্যাচেই জয় সম্ভব।" বাংলাদেশের লক্ষ্য নিয়ে দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক কোন স্পষ্ট মন্তব্য না করলেও তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের আপাতত লক্ষ্য কোয়ার্টার ফাইনাল। সে লক্ষ্যে ঢেলে দিতে চান নিজের সেরাটা। ঘরোয়া লিগে ভালো খেলে বিশ্বকাপ দলে জায়গা করে নেয়া আশরাফুল ইতিমধ্যে খেলেছেন দুটি বিশ্বকাপ। দলের প্রয়োজনে যে কোন পজিশনে ব্যাট করতে কোন আপত্তি নেই দেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যানের। কোয়ার্টার ফাইনালে উঠতে হলে 'বড় তিন ম্যাচ' দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে যে কোন দু দলকে হারাতে হবে বলে মন্তব্য করেন তিনি। নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ জয় আশা করছেন আশরাফুল। বাংলাদেশের অন্যতম ম্যাচ উইনার বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকও বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার দারুণ সম্ভাবনা দেখছেন। "যারা দলে আছেন, নিজেদের প্রমাণ করেই এসেছেন।" চোটের কারণে দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজার অনুপস্থিতি দলের জন্য বড় আঘাত হিসেবে বর্ণনা করেছেন রাজ্জাক। "দলের সবাই মাশরাফির অভাব অনুভব করছে।" জাতীয় দলের বিশ্বকাপ পরিকল্পনার গুরুত্বপূর্ণ সদস্য মাহমুদুল্লাহ রিয়াদ গ্র"প পর্যায়ের ৬ ম্যাচের মধ্যে উদ্বোধনী ম্যাচকে সবচেয়ে কঠিন হিসেবে বর্ণনা করেছেন। বিশ্বকাপে বাংলাদেশ ভারত ছাড়াও ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে। ১২ ফেব্র"য়ারি কানাডা ও ১৫ ফেব্র"য়ারি পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৯১০ ঘ.