২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোচের মন্তব্য নিয়ে বাহাসে জড়ালেন মাশরাফি

ফিটনেস নিয়ে মন্তব্যের কারণে কোচ জেমি সিডন্সের সঙ্গে প্রকাশ্যে বাহাসে জড়ালেন মাশরাফি বিন মর্তুজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 07:18 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিটনেস নিয়ে মন্তব্যের কারণে কোচ জেমি সিডন্সের সঙ্গে প্রকাশ্যে বাহাসে জড়ালেন মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি পুরোপুরি ফিট নয়- সিডন্সের এমন মন্তব্য নিয়ে মঙ্গলবার দলের অনুশীলনে এসে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেট দলের এই সেরা পেসার। হাঁটুর চোটের কারণে তাকে বাংলাদেশের বিশ্বকাপ দলে 'স্ট্যান্ডবাই' হিসেবে রাখা হয়েছে। বিকেলে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কোচের তত্ত্বাবধানে ঘণ্টাখানেক নেট প্র্যাকটিসের পর ইনডোর স্টেডিয়ামের এক পাশে দাঁড়িয়ে ছিলেন মাশরাফি। সেখানেই দুজনের কথোপকোথন। এক পর্যায়ে দুজনেরই গলা চড়তে থাকে। প্রায় ২০ মিনিট বাক-বিতণ্ডার পর বেড়িয়ে যান ক্ষুব্ধ সিডন্স। সাংবাদিকরা ছেঁকে ধরার পর শুরুতে কথা বলতে না চাইলেও পরে মাশরাফি বলেন, "আমার ফিটনেস নিয়ে কথা বলবেন আমার ফিজিও। কোচ কথা বলবেন আমার পারফরমেন্স নিয়ে। ফিটনেস নিয়ে তো তিনি বলতে পারেন না।" সিডন্স রোববার সাংবাদিকদের বলেছিলেন, "মাশরাফির হাঁটুর অবস্থা খুব একটা ভালো নয়। খেলার মতো সুস্থ নয় সে।" আর মঙ্গলবার বাহাসের পর কারণ জানতে চাইলে তিনি বলেন- "কিছু না।" "এখন আমি প্রথম ম্যাচের একাদশ নিয়েই ভাবছি। দলের বাইরের কাউকে নিয়ে এখন ভাবতে চাই না," যোগ করেন বাংলাদেশ দলের কোচ।" সিডন্স বলেন, দলে এ মুহূর্তে যে তিন পেসার রয়েছেন, তাদের নিয়েই তিনি কাজ করছেন। মাশরাফি যেহেতু স্ট্যান্ডবাই হিসেবে আছে, সেহেতু সে অনুশীলন করতেই পারে। তবে ১৫ সদস্যের স্কোয়াডের কেউ চোট পেলে তবেই অন্য কাউকে বিবেচনা করা হবে। অবশ্য নিজের ফিটনেস নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী নড়াইল এক্সপ্রেস। বললেন, "ফিজিও বলেছে আমি খুব ভাল অবস্থায় আছি। আমার তো মনে হয় দুই-একটা ম্যাচ খেলতে পারলেই পুরোপুরি ফিট হয়ে যাাব।" "আমার ব্যাপারে ফিজিও আর কোচিং স্টাফরাই চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন। ফিটনেস সম্পর্কে আমার চেয়ে উনারাই ভালো বলতে পারবেন। তবে আমি আত্মবিশ্বাসী।" নিজের আত্মবিশ্বাসের প্রমাণ দিতে শনিবার ফতুল্লায় মোহামেডান-আবাহনী লিগ ম্যাচে মাঠে নামেন মাশরাফি। ওই ম্যাচে ১০ ওভার বল করে নিজের সুস্থতারর প্রমাণ দেন তিনি। তবে ওই খেলার ওপর গুরুত্ব দিতে নারাজ সিডন্স। মাশরাফির বিষয়ে জানতে চাইলে কোচ বলেন, "১৯ ফেব্র"য়ারি প্রথম খেলায় খেলার মতো সুস্থ ক্রিকেটার চাই আমার। আর দলে যারা আছেন, তাদের সবাই খেলার মতো সুস্থ।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/পিকেএস/এএম/জেকে/০১০৫ ঘ.