ঢাকা, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ জেমি সিডন্সের পরিকল্পনায় নেই দেশের সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিশ্বকাপ দলে রয়েছেন তিন পেসার। আমি তাদের নিয়ে ভাবছি। মাশরাফি ১৫ জনের দলে নেই। তাই তাকে নিয়ে আমি ভাবছি না।"
তিন পেসার শফিউল ইসলাম, রুবেল হোসেন ও নাজমুল হোসেনকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন দলের বোলিং কোচ ইয়ান পন্ট।
ফতুল্লায় শনিবার মোহামেডানের বিপক্ষে লিগে আবাহনীর শেষ খেলায় মাঠে নামেন মাশরাফি। ১০ ওভার বল করে নিজের সুস্থতার প্রমাণ দেন তিনি। তবে ওই খেলার ওপর গুরুত্ব দিতে নারাজ সিডন্স।
"এটা একটা ক্লাব ম্যাচ। ক্লাব ক্রিকেট আর আন্তর্জাতিক ক্রিকেট এক নয়। আর্ন্তজাতিক ক্রিকেট অনেক কঠিন জায়গা,"সাফ জানিয়ে দিলেন সিডন্স।
নিজের চাহিদার কথা জানিয়ে সিডন্স বলেন, "১৯ ফেব্র"য়ারি প্রথম খেলায় খেলার মতো সুস্থ ক্রিকেটার চাই আমার। আর দলে যারা আছেন, তাদের সবাই খেলার মতো সুস্থ।"
ধীরে ধীরে মাশরাফি সুস্থ হয়ে উঠছেন বলে স্বীকার করলেও তার চোটের অবস্থা ভালো নয় বলে মনে করেন প্রধান কোচ। বলেন, "মাশরাফির হাঁটুর অবস্থা খুব একটা ভালো নয়। খেলার মতো সুস্থও নন তিনি।"
তবে ৪৩ দিন পর মাশরাফির মাঠে নামাকে ভালো চোখে দেখছেন সিডন্স। বলেন, এটা তার জন্য ভালো। তবে শেষ মুহূর্তে তার দলে ঢোকার কোনো সম্ভাবনা তিনি দেখছেন না।
তবে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার বেশ ভালো সম্ভাবনাই দেখছেন তিনি, "আমরা কিছু দিন ধরে ভালো ক্রিকেট খেলছি। ঢাকা ও চট্টগ্রামে ভালো অনুশীলন হয়েছে। দলের সবাই সুস্থ। বিশ্বকাপে নিজেদের সেরাটা খেলতে পারলে ভালো করা খুবই সম্ভব।"
বিশ্বকাপে বাংলাদেশের সব প্রতিপক্ষকে সমীহ করলেও সিডন্সের বাজির ঘোড়া নিজের দল বাংলাদেশই। এ প্রসঙ্গে একটি শর্ত দেন তিনি। বলেন, সে জন্য সব কিছুই হতে হবে তার পরিকল্পনা মতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৮৩১ ঘ.
bdnews24