ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান দলের নেতৃত্ব থাকছে শহীদ আফ্রিদির হাতেই। আর সহ-অধিনায়ক করা হয়েছে মিসবাহ উল হককে।
বিশ্বকাপের ১৪টি দলই জানুয়ারি মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করলেও একমাত্র পাকিস্তান তাদের অধিনায়কের নাম জানাতে সময় নেয়। এনিয়ে পাকিস্তান ক্রিকেট মহলে শুরু হয় বিতর্ক।
অধিনায়ক মিসবাহ না কি আফ্রিদি হবে এনিয়ে কিছুদিন ধরে চলছিল গুঞ্জন। নিউজিল্যান্ড সফরের চলতি সিরিজে তাদের দু'জনের ভাল পারফরম্যান্সের জন্য বাতাসে সেই গুঞ্জন আরো ছড়াতে থাকে। এক্ষেত্রে অবশ্য এগিয়ে ছিলেন মিসবাহ। তারপরও এক পর্যায়ে আফ্রিদির নেতৃত্বে খেলতে আপত্তি নেই বলে সাফ জানিয়ে দেন মিসবাহ।
অবশেষে শুক্রবার আফ্রিদিকে অধিনায়ক ঘোষণা করে সেই নাটকের সমাপ্তি ঘটায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৪৫৯ ঘ.
bdnews24