ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উদ্বোধনী ব্যাটসম্যান আহমেদ শেহজাদের শতকের সুবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম একদিনের খেলায় ৪১ রানে জিতেছে পাকিস্তান।
হ্যামিল্টনের সেডন পার্কে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৯ উইকেটে করে ২৬৮ রান। জয়ের লক্ষ্য ২৬৯ রান তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ৪৬ ওভার ৫ বলে ২২৭ রানে।
সকালে টস জিতে নিউজিল্যান্ড ব্যাট করতে পাঠায় পাকিস্তানকে। প্রথম সাত ব্যাটসম্যানের সবাই দু'অঙ্কের কোঠায় পৌঁছালেও নিজেদের ইনিংসকে কেউই টেনে নিয়ে যেতে পারেননি বড় স্কোরের দিকে। কেবল উমর আকমল করেন ৩২।
তবে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে শেহজাদ তার একদিনের ক্রিকেট-জীবনের প্রথম শতক আদায় করে নেন। তার ১০৯ বলের ইনিংসে চার রয়েছে ১২টি ও ছক্কা ৩টি।
নিউজিল্যান্ডের পক্ষে কাইল মিলস, জ্যাকব ওরাম ও স্কট স্টাইরিস ২টি করে উইকেট নেন।
রান তাড়া করতে গিয়ে অধিনায়ক রস টেলর ও মার্টিন গুপটিল ছাড়া আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি। টেলর করেন ৬৯ ও গুপটিলের ব্যাট থেকে আসে ৬৫ রান।
পাকিস্তানের পক্ষে ওয়াহাব রিয়াজ ৩ উইকেট নেন ৫১ রানে। এছাড়া উমর গুল ও অধিনায়ক শহিদ আফ্রিদি ২টি করে উইকেট নেন।
প্রথম খেলায় হার মানলেও টানা তিন ম্যাচ জিতে ছয় ম্যাচের সিরিজ জিতে নিল পাকিস্তান। একটি খেলা ভেসে গেছে বৃষ্টিতে।
ষষ্ঠ ও শেষ খেলা হবে ৫ ফেব্র"য়ারি অকল্যান্ডে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৭৪৪ ঘ.
bdnews24